সোমবার | ২৭ জুলাই ২০২৬

ধর্মতলার মিছিলে বিশৃঙ্খলার প্রতিবাদে তিরঙ্গা র‍্যালি কলকাতায়, আহ্বান নাগরিক সমাজকে

 ধর্মতলার মিছিলে বিশৃঙ্খলার প্রতিবাদে তিরঙ্গা র‍্যালি কলকাতায়, আহ্বান নাগরিক সমাজকে

কলকাতা, ২৭ জুলাই- নিট প্রশ্নফাঁস কান্ডে বাম ও ককরোচ জনতা পার্টির মিছিলকে কেন্দ্র করে ধর্মতলায় চূড়ান্ত বিশৃঙ্খলা সৃষ্টি হয়। হেনস্থার শিকার হতে হয় সাংবাদিকদেরও। এবার সেই ঘটনার প্রতিবাদে সোমবার শিয়ালদহ থেকে ধর্মতলার ডোরিনা ক্রসিং পর্যন্ত এক মিছিলের আয়োজন করা হচ্ছে।

বিজেপির উত্তর কলকাতা জেলা সভাপতি তমোঘ্ন ঘোষের আয়োজনে এই মিছিলের আয়োজন করা হলেও মিছিলটিতে কোনও রাজনৈতিক রং থাকছে না বলেই জানানো হয়েছে। তিরঙ্গা র‍্যালি নামের এই মিছিলে নাগরিক সমাজকে পথে নামার আহ্বান জানানো হয়েছে। ধর্মতলায় যে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছিল তার প্রতিবাদে বিভিন্ন পেশার মানুষজনকে পথে নামতে আবেদন জানানো হচ্ছে। ফাউন্ডার অফ অ্যাকাডেমিক অ্যালায়েন্সের প্রতিষ্ঠাতা এবং শিক্ষক দেবজ্যোতি দাস মিছিলে যোগ দিতে যাওয়ার আগে বললেন, ‘আমরা কেউ রাজনৈতিক পরিচিতিকে সামনে রেখে এই মিছিলে যোগ দিতে যাচ্ছি না। এটা দেশের বিষয়, জাতীয়তাবাদের প্রশ্ন। নিট কান্ডকে সামনে রেখে সেদিন মিছিলে দেশবিরোধী স্লোগান দেওয়া হয়েছে, দিল্লির যন্তর মন্তরেও একই ঘটনা ঘটেছে। এটা নিট কান্ডের প্রতিবাদ হতে পারে না। আসলে এর আড়ালে দেশবিরোধী কথা বলা হয়েছে। ছাত্রদের সেখানে ব্যবহার করা হয়েছে। তারই প্রতিবাদে এই মিছিল।’

ধর্মতলার ওইদিনের বিশৃঙ্খলা নিয়ে আগেই সরব হয়েছে বিজেপি। বিধানসভার অধিবেশনে এ নিয়ে বিবৃতি দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ঘটনায় যারা বিশৃঙ্খলা ছড়িয়েছে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়ে দেন তিনি। এমনকী যারা এই বিশৃঙ্খলা ছড়ায় তারা বহিরাগত বলেও জানান মুখ্যমন্ত্রী। এবার সেই ঘটনার প্রতিবাদে কলকাতায় নাগরিক সমাজের মিছিলের আয়োজন করা হলো।   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *