বৃহস্পতিবার | ১৯ নভেম্বর ২০২৬

প্রয়াত আবু নাসের

 প্রয়াত আবু নাসের

নিজস্ব সংবাদদাতা : প্রয়াত হলেন বর্ষীয়ান রাজনীতিক তথা এবিএ গনি খান চৌধুরীর ভাই আবু নাসের খান চৌধুরী। মালদহের সুজাপুর বিধানসভা কেন্দ্রের দু’বারের প্রাক্তন বিধায়ক ‘লেবুবাবু’ নামেই রাজনীতিতে বেশি পরিচিত ছিলেন তিনি। বৃহস্পতিবার সকালে নিউটাউনের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯২।
গণিখানের ভাই আবু নাসের পারিবারিক ধারা মেনেই কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন। পরে অবশ্য তিনি তৃণমূলের যোগ দেন। শেষ কয়েক বছর অবশ্য রাজনীতিতে সক্রিয় ছিলেন না তিনি। কার্যত প্রচারের অন্তরালে চলে যান। গনি পরিবারের সদস্য তথা সুজাপুরের তৎকালীন কংগ্রেস বিধায়ক মৌসম বেনজির নূর ২০০৯ সালের লোকসভা নির্বাচনে মালদহ উত্তর কেন্দ্র থেকে নির্বাচিত হন। তাঁর ছেড়ে যাওয়া সুজাপুর বিধানসভা কেন্দ্রে ওই বছরই হওয়া উপনির্বাচনে কংগ্রেসের টিকিটে জয়ী হন আবু নাসের খান চৌধুরী।
২০১৫ সালে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগ দেন ‘লেবুবাবু’। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে সুজাপুর কেন্দ্রেই তাঁকে প্রার্থী করেছিল তৃণমূল। কিন্তু নিজের পরিবারের সদস্য তথা কংগ্রেস প্রার্থী ইশা খান চৌধুরীর কাছে হেরে যান আবু নাসের। তারপর রাজনীতি থেকে কিছুটা অন্তরালে চলে যান তিনি। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, লেবুবাবুর মরদেহ মালদহের কোতোয়ালির বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানেই পারিবারিক কবরস্থানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *