বিপর্যয় মোকাবিলায় ‘অর্জুন বাহিনী’ গড়ল রাজ্য সরকার
কলকাতা, ১ সেপ্টেম্বর- দুর্গোৎসবের আগেই এবার বিপর্যয় মোকাবিলায় বড় পদক্ষেপ রাজ্য সরকারের। এবার ‘অর্জুন বাহিনী’ নামের বিশেষ এক বাহিনী তৈরি করল রাজ্য সরকার। প্রথম দফায় রাজ্য সৈনিক বোর্ড থেকে ২০০ জনকে নিয়ে এই বাহিনী গড়া হচ্ছে বলে মঙ্গলবার ঘোষণা করছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, অর্জুন বাহিনীতে নিয়োগপ্রাপ্তেরা সকলেই সেনা থেকে অবসর নেওয়া ৪০ বছরের কম বয়সি কর্মী।
আপাতত কলকাতা, পাহাড় ও সুন্দরবনের দুর্যোগপ্রবণ এলাকাগুলিতে এই বাহিনীকে মোতায়েন করা হলেও ভবিষ্যতে এনডিআরএফ-এর আদলে অত্যাধুনিক প্রযুক্তিতে এই বাহিনীকে আরও বৃহৎ আকারে সাজিয়ে তোলা হবে বলে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। ২০০ জন সদস্যের মধ্যে কলকাতার জন্য ১০০ জন, পাহাড়ের (দার্জিলিং) জন্য ৫০ জন এবং সুন্দরবন এলাকার জন্য ৫০ জন সদস্য নির্দিষ্ট করা হয়েছে। পরবর্তীতে দিঘা, মান্দারমণি, মুকুটমণিপুর, তারাপীঠ এবং তরাই-ডুয়ার্সের মতো প্রধান পর্যটনকেন্দ্রগুলিতেও এই বাহিনীর কন্টিনজেন্ট রাখা হবে।
বিপদসংকুল এলাকায় কাজ করার দরুন গুরুতর আহত বা প্রাণহানির ক্ষেত্রে ১০ লক্ষ টাকা এবং স্থায়ী অক্ষমতার ক্ষেত্রে ৫ লক্ষ টাকার বিমা কভারেজ থাকবে। ২০২৭-এর জানুয়ারি থেকে আসা অগ্নিবীরদের প্রথম ব্যাচ এবং অবসরপ্রাপ্ত সেনাদের পুলিশ, ফায়ার, ফরেস্ট ও ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগে অগ্রাধিকার দেওয়া হবে। এই ডিসিপ্লিন্ড সংস্থাগুলিতে প্রায় ২০ শতাংশ সংরক্ষণের ব্যবস্থা থাকছে। তারাতলায় সম্প্রতি ভবন ভেঙে পড়ার দুর্ঘটনায় অর্জুন বাহিনীর সদস্যরা প্রায় ২০ জন মানুষকে জীবন্ত উদ্ধার করেছেন। সেই কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, ‘উদ্ধারকারী দল ও তাদের পরিবারের নিরাপত্তার বিষয়ে আগে অবহেলা করা হয়েছিল। তবে এখন অর্থের কোনও অভাব নেই। ভারত সরকার পর্যাপ্ত টাকা দিয়ে রেখেছে।’
সাম্মানিক হিসাবে অর্জুন বাহিনীর প্রধান ‘বীর নায়ক’কে দেওয়া হবে মাসিক ৪০ হাজার। বাহিনীর সদস্য ‘বীর’ দের দেওয়া হবে ২৫ হাজার। বার্ষিক ৩ শতাংশ হারে বাড়বে বেতন। প্রাণহানির ক্ষেত্রে ১০ লক্ষ এবং গুরুতর আঘাতের ফলে শারীরিক অক্ষমতার ক্ষেত্রে ৫ লক্ষ টাকা আর্থিক সহায়তারও ব্যবস্থা রাখছে রাজ্য।