সোমবার | ২২ জুন ২০২৬

এক লক্ষ সরকারি শূন্যপদে নিয়োগের প্রস্তাব রাজ্য বাজেটে

 এক লক্ষ সরকারি শূন্যপদে নিয়োগের প্রস্তাব রাজ্য বাজেটে

কলকাতা, ২২ জুন- বাংলায় বিজেপি সরকারের প্রথম বাজেটে কর্মসংস্থানের ক্ষেত্রেও বড় ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। সবমিলিয়ে ১ লক্ষ নতুন সরকারি নিয়োগের প্রস্তাব দেওয়া হয়েছে বাজেটে। আর সেই শূন্যপদের সিংহভাগই নিয়োগ হতে চলেছে পুলিশ এবং শিক্ষাক্ষেত্রে। স্কুল শিক্ষা ও উচ্চ শিক্ষার মানোন্নয়ন এবং কর্মী ঘাটতি মেটাতে ৫০,০০০ শিক্ষক, অধ্যাপক এবং অশিক্ষক কর্মী নিয়োগ করা হবে বলে প্রস্তাব দেওয়া হয়েছে, এছাড়া পুলিশে নিয়োগ হবে ২০ হাজার। ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলসে ১,০০০ জন এবং বাকি শূন্যপদগুলি অন্যান্য সরকারি অফিসে পূরণ করা হবে। এর পাশাপাশি, যোগ্য পদের ক্ষেত্রে ১০ শতাংশ আসন ‘অগ্নিবীর’-দের জন্য সংরক্ষিত থাকবে। মহিলা ক্ষমতায়ন ও কর্মক্ষেত্রে তাদের অংশগ্রহণ বাড়াতে এই ১ লক্ষ সরকারি চাকরির মধ্যে ৩৩ শতাংশ পদ মহিলাদের জন্য সংরক্ষিত রাখার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে সরকার। এছাড়া, পরীক্ষার্থীদের সুবিধার্থে সরকারি পদে নিয়োগের জন্য বয়সের ঊর্ধ্বসীমায় যে ৫ বছরের ছাড় দেওয়া হয়েছিল, তা আগামী দুই বছরের জন্য বহাল থাকবে।

রাজ্যের বিভিন্ন সরকারি ও সরকার পোষিত প্রতিষ্ঠানের নিয়োগকারী সংস্থাগুলিকে এবার থেকে ইউপিএসসি  (ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন)-এর ধাঁচে একটি প্রাতিষ্ঠানিক কাঠামোর অধীনে আনা হবে। এর ফলে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা, দক্ষতা ও দায়বদ্ধতা বৃদ্ধি পাবে এবং দুর্নীতিমুক্ত নিয়োগ সুনিশ্চিত করা সম্ভব হবে বলে আশা করছে সরকার। শিক্ষিত বেকার যুবকদের আর্থিক স্বস্তি দিতে আগামী অক্টোবর ২০২৬ থেকে চালু হচ্ছে ‘ভরসা কর্মসূচি’। এই প্রকল্পের আওতায় ২১ থেকে ৪৫ বছর বয়সি যোগ্য গ্র্যাজুয়েট বেকার যুবকদের প্রতি মাসে ৩,০০০ টাকা  করে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *