মেট্রো প্রকল্পের উদ্বোধনে বাংলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
কলকাতা অফিস, ১৩ নভেম্বর– ফের বাংলায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার মেট্রোর অরেঞ্জ লাইনের সেক্টর ফাইভ থেকে নিউ গড়িয়া পর্যন্ত মেট্রো পরিষেবা চালু হতে চলেছে। এর ফলে যাত্রীরা খুব সহজেই সরাসরি সেক্টর ফাইভ থেকে নিউ গড়িয়া পৌঁছে যেতে পারবেন এক মেট্রোতেই।
কবি সুভাষ থেকে জয় হিন্দ বিমানবন্দর (অরেঞ্জ লাইন) মেট্রো প্রকল্প কবে চালু হবে, তা নিয়ে বহু কলকাতাবাসীর মনেই প্রশ্ন ছিল। কিন্তু চিংড়িহাটা মোড়ে মেট্রোর কাজ থমকে থাকায় সেই আশা একসময় ক্ষীণ হতে শুরু করেছিল। আগের সরকারের আমলে প্রায় দেড় বছর অনুমতি না মেলায় চিংড়িহাটা মেট্রোর প্রকল্পের কাজ আটকে ছিল। তবে রাজ্যে রাজনৈতিক পালাবদলের পরই সেই জট কাটে এবং কাজে দ্রুত গতি আসে।
মাত্র ১২০ ঘণ্টারও কম সময়ে চিংড়িহাটার আটকে থাকা কাজ শেষ করা হয়। প্রথম দফায় ১৫ মে রাত ৮টা থেকে ১৮ মে সকাল ৮টা পর্যন্ত (৬০ ঘণ্টা) ৩১৭ ও ৩১৮ নম্বর পিলারের মধ্যে ২৮ মিটার দীর্ঘ একটি ভায়াডাক্ট বসানো হয়। এই সময়ে ইএম বাইপাসের উল্টোডাঙাগামী লেন আংশিক বন্ধ রেখে যান নিয়ন্ত্রণ করা হয়েছিল। এরপর এক সপ্তাহ বিরতির পর দ্বিতীয় দফায় ২২ মে রাত ৮টা থেকে ২৫ মে সকাল ৮টা পর্যন্ত (আরও ৬০ ঘণ্টা) ৩১৮ ও ৩১৯ নম্বর পিলারের মধ্যে ৩৪ মিটার দীর্ঘ ভায়াডাক্ট বসানো হয়। দু’দফায় মোট ১২০ ঘণ্টায় ৩১৭ থেকে ৩১৯ নম্বর পিলার পর্যন্ত ৬২ মিটার ভায়াডাক্ট বসানোর কাজ পুরোপুরি শেষ হয়। এই প্রকল্পের উদ্বোধনের পাশাপাশি আরও কয়েকটি প্রকল্প প্রধানমন্ত্রী চালু করতে পারেন বলেই সূত্রের খবর।