শুক্রবার | ২১ আগস্ট ২০২৬

যাদবপুরের ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের, গঠন করা হলো তদন্ত কমিটি

 যাদবপুরের ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের, গঠন করা হলো তদন্ত কমিটি

কলকাতা, ২১ আগস্ট- যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অভিযোগের ভিত্তিতে এদিন এফআইআর দায়ের করে পুলিশ। সেখানে সরকারি সম্পত্তি নষ্ট করা থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের মধ্যে আগুন লাগানোর মতো একাধিক অভিযোগ নথিবদ্ধ করা হয়েছে। অভিযুক্তদের চিহ্নিত করে আইন অনুযায়ী পদক্ষেপের আবেদন করেছেন কর্তৃপক্ষ। শুক্রবার দুপুরে ই-মেল করে অভিযোগ জানানো হয়েছে। পাশপাশি, বহিরাগত হামলার অভিযোগ খতিয়ে দেখতে তিন সদস্যের তদন্ত কমিটিও গঠন করছেন কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয় চত্বরে থাকা সব সিসি ক্যামেরার ফুটেজ পুলিশের হাতে তুলে দেওয়া হবে বলে জানা গিয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সেলিমবক্স মণ্ডল জানান, বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নির্দেশে তদন্ত কমিটি গঠন করা হচ্ছে এবং যাদবপুর থানায় লিখিত ভাবে অভিযোগ জানানো হচ্ছে।

            তবে তিন সদস্যের তদন্ত কমিটিতে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত কোনও প্রতিনিধিকে রাখা হচ্ছে না বলে জানা গিয়েছে। মনে করা হচ্ছে, কমিটিতে থাকতে পারেন বিশ্ববিদ্যালয়ের এক প্রাক্তন উপাচার্য, কলকাতার আর একটি বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য এবং অপর একটি বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি বিভাগের অধিকর্তা। তারা সব ঘটনা খতিয়ে দেখে রিপোর্ট দেবেন। অভিযোগ, বৃহস্পতিবার দুপুরে যাদবপুরের ৪ নম্বর ফটকের সামনে এবিভিপির সমর্থকেরা জমায়েত করে ভিতরে ঢুকতে চেষ্টা করেন। দরজা বন্ধ থাকায় নন্দলাল বসুর নকশা করা প্রতীকের উপরেই পা দিয়ে উঠে দরজা পার হওয়ার চেষ্টা করেন তাঁরা। সেই সময়েই ভেঙে পড়ে প্রতীকের একটি অংশ। তার পর বৃত্তাকার ওই ধাতব অংশ ক্যাম্পাসের ভিতরে ছুড়ে দেওয়া হয় বলেও অভিযোগ।

            যদিও যাদের বিরুদ্ধে বারবার অভিযোগ উঠছে সেই এবিভিপি প্রতীক ভাঙার অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে। তারা পাল্টা সেই দায় চাপিয়ে দেয় যাদবপুরের বাংলা বিভাগের শিক্ষক রাজ্যেশ্বর সিংহের উপর। সংগঠনের তরফে জারি করা বিবৃতিতে জানানো হয়েছে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী ফলক ভাঙা অতিবাম তথা নকশালপন্থীদের পরিকল্পিত চক্রান্ত। দাবি, ফলকে পদ্মফুলের পাপড়ি থাকায় নকশালপন্থীরা সেটি ভেঙেছে। এই ঘটনার সঙ্গে বাংলা বিভাগের অধ্যাপক রাজ্যেশ্বর সিংহের যোগ রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *