নন্দীগ্রাম দিবসে ফের নন্দীগ্রাম ফাইল খোলার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী, তীব্র কটাক্ষ বামেদের
নন্দীগ্রাম, ১০ নভেম্বর- পালাবদলের পরে এবার নন্দীগ্রাম ফাইল খোলার হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর এই ইস্যুতে তার আক্রমণের নিশানা ছিল সিপিএম। ১৯ বছর আগে বাম জমানাতেই ঘটেছিল নন্দীগ্রামের সেই ঘটনা। সেই থেকে বছরের পর বছর নন্দীগ্রাম দিবস পালন করেছে তৃণমূল। এবার পালাবদলের বাংলায় সেই নন্দীগ্রাম দিবসেই নতুন করে নন্দীগ্রাম ফাইল খোলার হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী।
মঙ্গলবার নন্দীগ্রাম দিবসের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, অতীতে সিআইডি তদন্ত হলেও প্রকৃত বিচারপ্রক্রিয়া সম্পূর্ণ হয়নি এবং অপরাধীরা শাস্তি পায়নি। তাই নন্দীগ্রামের ফাইল খুলে নতুন করে এফআইআর দায়ের করা হবে এবং অভিযুক্তদের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে। ২০০৭ সালের ১০ নভেম্বর পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে সোনাচূড়া থেকে মহেশপুর পর্যন্ত ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির মিছিল করেছিল। সেই মিছিলেই ‘প্রতিরোধ’ করে বিতর্কে জড়িয়েছিল সিপিএম। তালপাটি খালের ধারের জনপদে যে রাজনৈতিক কর্মসূচির নামকরণ করা হয়েছিল ‘অপারেশন সূর্যোদয়’। ওই ঘটনার পরেই রাজ্যের রাজনৈতিক, সাংস্কৃতিক সমাজ আড়াআড়ি বিভক্ত হয়ে পড়েছিল। কলকাতার রাস্তায় আছড়ে পড়েছিল সরকার-বিরোধী নাগরিক সমাজের মিছিল। পাল্টা শক্তি প্রদর্শনে নিজেদের লোকেদের রাস্তায় নামিয়েছিল বামেরাও।
মঙ্গলবার ‘অপারেশন সূর্যোদয়’-এর ১৯ বছর পূর্তিতে গোকুলনগরের সভা করেন শুভেন্দু। তৎকালীন মুখ্যমন্ত্রী অধুনাপ্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের ইংরেজি উক্তি—‘দে হ্যাভ বিন পেইড ব্যাক বাই দেওয়র ওন কয়েন’ স্মরণ করিয়ে শুভেন্দু বলেন, “ব্যক্তিগত জীবনে প্রয়াত মুখ্যমন্ত্রী সৎ হলেও তাঁর দল ভুল ছিল।” পাশাপাশি, সেসময় বিমান বসুর মতো বাম নেতাদের ‘নন্দীগ্রামে নতুন সূর্য উঠেছে’ মন্তব্যের প্রসঙ্গও তোলেন শুভেন্দু। কার কার নামে মামলা হতে পারে সেই কথাও এদিন উল্লেখ করে দিয়েছেন মুখ্যমন্ত্রী।
শুভেন্দু অধিকারী বলেন, ‘এফআইআর হলে গোঘাটের অভয় ঘোষ, তালড্যাংরার মনোরঞ্জন পাত্র, গড়বেতার তপন ঘোষ, খেজুরির হিমাংশু দাস (তিন সিপিএম নেতা এবং বাম আমলের প্রভাবশালী মুখ)— এঁদের বিরুদ্ধে আমি নতুন করে কেস ওপেন করে ব্যবস্থা নেওয়ার ব্যবস্থা করব।’ তৃণমূলের সরকার রাজ্যে আসার পরে এই দিনটিতে কর্মসূচি পালন করা হতো। এ বারও প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ‘অপারেশন সূর্যোদয়’ নিয়ে সমাজমাধ্যমে পোস্ট করেছেন। আর মুখ্যমন্ত্রী শুভেন্দু সমাজমাধ্যমে লেখেন, ‘নন্দীগ্রাম মানে অশুভ শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর লড়াই। আজ রক্তাক্ত সূর্যোদয়ের ১৯তম বর্ষপূর্তি।’
মুখ্যমন্ত্রীর অভিযোগ, ১৯ বছর আগের ওই ঘটনার এখনও বিচার হয়নি। নৃশংসতার বিবরণ দিতে গিয়ে তিনি বলেন, ‘মোট ১১ জনকে পিছমোড়া করে নিয়ে গিয়েছিল। বারাতলা অঞ্চলে গ্রাম পঞ্চায়েত অফিসে রেখে দিয়েছিল। তার পর জ্যান্ত লোকগুলোকে নিয়ে যাওয়া হয়েছিল কামারদায়। সেখানে সিপিএমের অফিসে তাদের পিস পিস করে কাটা হয়। পরের দিন ব্যাগে ঢুকিয়ে মাঝসাগরে, ‘ডিপ সি’-তে ফেলে দেওয়া হয়!’ শুভেন্দু আরও বলেন, ‘পরবর্তী সময়ে সিআইডি তদন্ত হয়েছে। লক্ষ্মণ শেঠকে (প্রাক্তন সাংসদ) ১৮১ দিন জেল খাটেন। কিন্তু বিচার সম্পূর্ণ হয়নি।’ মুখ্যমন্ত্রী আরও বলেন, মুখ্যমন্ত্রীর অভিযোগ, ১৯ বছর আগের ওই ঘটনার এখনও বিচার হয়নি। নৃশংসতার বিবরণ দিতে গিয়ে তিনি বলেন, ‘মোট ১১ জনকে পিছমোড়া করে নিয়ে গিয়েছিল। বারাতলা অঞ্চলে গ্রাম পঞ্চায়েত অফিসে রেখে দিয়েছিল। তার পর জ্যান্ত লোকগুলোকে নিয়ে যাওয়া হয়েছিল কামারদায়। সেখানে সিপিএমের অফিসে তাঁদের পিস পিস করে কাটা হয়। পরের দিন ব্যাগে ঢুকিয়ে মাঝসাগরে, ‘ডিপ সি’-তে ফেলে দেওয়া হয়!’ শুভেন্দু আরও বলেন, ‘পরবর্তী সময়ে সিআইডি তদন্ত হয়েছে। লক্ষ্মণ শেঠকে (প্রাক্তন সাংসদ) ১৮১ দিন জেল খাটেন। কিন্তু বিচার সম্পূর্ণ হয়নি।’ মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘সে দিন আরও যাঁরা গুলিবিদ্ধ হয়েছিলেন, তাঁদের পুঁতে দেওয়ার জন্য কাঁসাই ব্রিজের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। তপন ঘোষ, সুকুর আলি, বিশ্বনাথ দাসদের জনগণ ধরেছিল। তার পরেও ১১ জনের দেহ পাওয়া যায়নি।’