নিট কান্ড নিয়ে বাংলায় কোনও অশান্তি বরদাস্ত নয়, হুঁশিয়ারি তাপসের
কলকাতা, ২৩ জুলাই– নিট কেলেঙ্কারিকে কেন্দ্র করে রাজ্যে যাতে কোনও অশান্তি তৈরি না হয় সেজন্য এবার আগে থেকে সতর্ক হলো বাংলার সরকার। বৃহস্পতিবার শাসক শিবিরের তরফে সাংবাদিক বৈঠক করে রাজ্যের মন্ত্রী তাপস রায় জানিয়েছেন, এ রাজ্যে অশান্তি পাকানোর কোনও রকম চেষ্টা বরদাস্ত করা হবে না। পুলিশ, প্রশাসন প্রস্তুত রয়েছে। রাজনৈতিক উদ্দেশ্যে দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করা হচ্ছে, অভিযোগ বিজেপির। পাশাপাশি অবিজেপি সরকারের আমলে কোথায় কত পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছিল, তার খতিয়ানও দিয়েছেন তাপস।
নিটের প্রশ্নফাঁস, শিক্ষায় দুর্নীতির অভিযোগে এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ চেয়ে দিল্লিতে আন্দোলন শুরু করেছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। তাদের সমর্থন জানিয়ে অনশন করছেন সোনম ওয়াংচুক। বৃহস্পতিবার তাঁর অনশনের ২৬তম দিন। সরকার পক্ষের সঙ্গে সিজেপি প্রতিনিধিদের এক দফা বৈঠক হলেও তা থেকে সমস্যার কোনও সমাধানসূত্র বেরোয়নি। এই পরিস্থিতিতে কলকাতাতেও নিট-কাণ্ডে বিক্ষোভ কর্মসূচির প্রস্তুতি শুরু হয়েছে। সিপিএমের ছাত্র সংগঠন এসএফআই শুক্রবার শহরে মিছিল করবে। দেশ জুড়ে ছাত্র ধর্মঘটেরও ডাক দিয়েছে তারা। এই পরিস্থিতিতে বাংলার সরকার নিজেদের অবস্থান স্পষ্ট করে দিল।
তাপস রায় বলেন, ‘প্রশ্নফাঁস কাণ্ডের পরে ভারত সরকার যে রকম কঠোর পদক্ষেপ করেছে, তা আগে কখনও দেখিনি। তা সত্ত্বেও অশান্তির চেষ্টা হচ্ছে। দক্ষিণ এশিয়ার অন্য কিছু জায়গায় যে রকম পরিস্থিতি তৈরি করা হয়েছিল, এখানেও তেমনই করার চেষ্টা হচ্ছে। বিদেশ থেকে টাকা ঢুকছে। পশ্চিমবঙ্গে এমন কোনও ঘটনা ঘটানোর চেষ্টা হলে আমরা ঘটতে দেব না। পুলিশ, প্রশাসন সতর্ক আছে।’