ভারতমাতার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র বরদাস্ত নয়, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
বেলডাঙা, মুর্শিদাবাদ, ১৭ নভেম্বর- ভারতমাতার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না, মঙ্গলবার মুর্শিদাবাদের বেলডাঙায় ভারত সেবাশ্রম সংঘের জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে গিয়ে এমনই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যে আইনশৃঙ্খলার অবনতি, সন্ত্রাস বরদাস্ত করা হবে না বলে স্পষ্টভাবে জানিয়েছেন তিনি। পাশাপাশি তৃণমূল জমানায় বারবার মুর্শিদাবাদ উত্তপ্ত হওয়ার প্রসঙ্গ তুলে এনে বলেন, ‘কেন ধুলিয়ান, শামসেরগঞ্জ হবে। কেন ট্রেনে ইট ছোড়া হবে। বেলডাঙা অশান্ত হবে কেন? কথায়, কথায় জাতীয় সড়ক কেন অবরুদ্ধ হবে।’
তৃণমূল জমানায় একাধিকবার অশান্ত হয়েছে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন এলাকা। ওয়াকফ বিলের বিরোধিতার সময় হিংসা ছড়ায়। হরগোবিন্দ দাস ও চন্দন দাস (বাবা-ছেলে) খুন হন। এছাড়াও বিভিন্ন সময়ে ট্রেনে ইট ছোড়া থেকে, জাতীয় সড়ক অবরোধের মতো হিংসার ঘটনা ঘটেছে। একাধিক সময়ে উত্তপ্ত হয়েছে বেলডাঙায়। জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে গিয়ে সেই প্রসঙ্গ তুলেছেন মুখ্যমন্ত্রী। কেন এই ঘটনা ঘটবে বলে প্রশ্ন তুলে ভারতমাতার বিরুদ্ধে ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন তিনি। বলেন, “কোনও ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না। কেন ধুলিয়ান, শামসেরগঞ্জ হবে। কথায়, কথায় জাতীয় সড়ক অবরোধ হবে কেন?” রাজ্য সরকার নারী সুরক্ষা ও সমাজের সর্বস্তরের মানুষের সুরক্ষা জন্য বদ্ধপরিকর বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
এদিনই আবার একটি যুব ও ধর্মীয় সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। জানান, আগামী ২৯ ডিসেম্বর কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে দশ লক্ষ কণ্ঠে গীতাপাঠের কর্মসূচি হবে। তার অভিযোগ, অতীতে বাম জমানার মত তৃণমূল সরকারও সনাতন সংস্কৃতি ও ধর্মীয় উৎসব পালনের পথে বাধা সৃষ্টি করছে। রাম মন্দিরের প্রাণপ্রতিষ্ঠার সময় তৎকালীন মুখ্যমন্ত্রীর মিছিল করার প্রসঙ্গ টেনে তিনি বলেন, সেই সময় রাম মন্দিরের বিরোধিতায় পথে নেমেছিলেন মমতা। এছাড়া বিধানসভার ভেতরে মহাকুম্ভের মতো পবিত্র বিষয়কে কটাক্ষ করার নিন্দা জানিয়ে তিনি বলেন, সনাতন সংস্কৃতি ও হিন্দু ধর্মের ঐতিহ্যকে হেয় প্রতিপন্ন করার চেষ্টার উত্তর পেয়েছেন মমতা, নির্বাচনে হেরেছেন তিনি।