শুক্রবার | ০৫ জুন ২০২৬

বড়সড় রদবদল তৃণমূলে, বড় দায়িত্বে চন্দ্রিমা

 বড়সড় রদবদল তৃণমূলে, বড় দায়িত্বে চন্দ্রিমা

কলকাতা, ৫ জুন- এবার দলীয় সংগঠনে বড়সড় রদবদল করলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কালীঘাটে দলের গুরুত্বপূর্ণ বৈঠকের পর  এই পরিবর্তন আনা হয়েছে। দীর্ঘদিনের রাজ্য সভাপতি সুব্রত বক্সীর জায়গায় এবার দলের রাজ্য সভাপতির দায়িত্ব দেওয়া হল চন্দ্রিমা ভট্টাচার্যকে। রাজনৈতিক মহলের মতে, এই সিদ্ধান্তের মাধ্যমে একদিকে যেমন সংগঠনে নতুন ভারসাম্য আনার চেষ্টা করা হয়েছে, তেমনই স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে দলের সমস্ত দায়িত্ব আর শুধুমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাঁধে রাখা হচ্ছে না। বরং অভিজ্ঞ ও বিভিন্ন স্তরের নেতৃত্বকে সামনে এনে নতুন করে সংগঠনকে সাজানোর পথে হাঁটছে তৃণমূল।

জাতীয় স্তরেও সাংগঠনিক কাঠামোয় পরিবর্তন আনা হয়েছে। দলের যুগ্ম জাতীয় সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন দোলা সেন এবং ডেরেক ও’ব্রায়েন। সংসদীয় রাজনীতি ও জাতীয় স্তরে দলের অবস্থান শক্তিশালী করতে এই দুই নেতার অভিজ্ঞতাকে কাজে লাগাতে চাইছে নেতৃত্ব। যুব সংগঠনে আপাতত কোনও পরিবর্তন হয়নি। সায়নী ঘোষই যুব সংগঠনের দায়িত্বে বহাল রয়েছেন। তবে ছাত্র সংগঠনে আনা হয়েছে নতুন মুখ। ছাত্র নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয়েছে প্রিয়াঙ্কা অধিকারীকে। সেই সঙ্গে সরিয়ে দেওয়া হয়েছে তৃণাঙ্কুর ভট্টাচার্যকে। গুরুত্বপূর্ণ পরিবর্তন হয়েছে শ্রমিক সংগঠনে। এতদিন এই দায়িত্বে থাকা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের পরিবর্তে শ্রমিক সংগঠনের দায়িত্ব দেওয়া হয়েছে মলয় ঘটককে। হকার সংগঠনের দায়িত্ব দেওয়া হয়েছে মদন মিত্রকে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *