ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, শুনতে হলো ‘গো ব্যাক’ স্লোগান
তেহট্ট, ১৬ সেপ্টেম্বর- দিয়ার তেহট্ট থানার নাটনায় দলীয় রাজনৈতিক বৈঠকে যোগ দিতে গিয়ে ফের একবার বিজেপি কর্মী-সমর্থকদের তীব্র বিক্ষোভ ও বাধার মুখে পড়লেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। এলাকায় পৌঁছনো মাত্রই তাঁকে ঘিরে শুরু হয় ‘গো-ব্যাক’ স্লোগান এবং দেখানো হয় কালো পতাকা। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে উঠলে তৃণমূল ও বিজেপি – উভয় পক্ষের সমর্থকদের মধ্যে ব্যাপক ধস্তাধস্তি শুরু হয়। একই সঙ্গে সাংসদের গাড়ি লক্ষ্য করে উড়ে আসে ডিম। ঘটনার আকস্মিকতায় এলাকা জুড়ে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। এই অনভিপ্রেত ঘটনার পরেই একটি সামাজিক মাধ্যমে বিশেষ ভিডিও বার্তা প্রকাশ করে শীর্ষ আদালতে্র বিচারপতি দীপঙ্কর দত্তকে নিশানা করেছেন সাংসদ।
ভিডিও বার্তায় মহুয়া বলেন, “বিচারপতি দীপঙ্কর দত্তকে অনেক শুভেচ্ছা! আমি পুলিশকে জানিয়েই নিজের নির্বাচনী এলাকার একটি বৈঠকে গিয়েছিলাম, আর বিজেপি কর্মীরা সেখানে তাদের (পুলিশের) সাহায্য নিয়েই আমার দিকে ডিম ছুড়ল। তবে আপনার দেওয়া উপদেশ অক্ষরে অক্ষরে পালন করে একজন স্বাধীনতা সংগ্রামী যেভাবে বুলেটের সামনাসামনি হন, আমি ঠিক সেভাবেই এই ডিমের মুখোমুখি হয়েছি।” এর আগেও কৃষ্ণনগরে মহুয়া মৈত্রকে লক্ষ্য করে ডিম ছোড়ার ঘটনা ঘটেছিল। পরবর্তীতে একটি ঘৃণাসূচক মন্তব্য মামলায় পুলিশি সমন এড়াতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়ে ধাক্কা খান তিনি। এরপর সুরক্ষাকবচ ও ডিম আক্রমণের হাত থেকে রক্ষার আর্জি নিয়ে তিনি সুপ্রিম কোর্টে আবেদন জানান। তবে সেই মামলার শুনানিতে মহুয়ার আইনজীবীর তোলা নিরাপত্তার আশঙ্কার যুক্তি একপ্রকার খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি শীল নাগুরকে নিয়ে গঠিত সুপ্রিম কোর্টের বিশেষ বেঞ্চ শুনানি চলাকালীন অত্যন্ত তাৎপর্যপূর্ণ পর্যবেক্ষণ দিয়ে জানিয়েছিল – ভারতের স্বাধীনতা সংগ্রামীরা দেশের জন্য বুকের ওপর গুলি সহ্য করেছেন, সেখানে সামান্য ডিম আক্রমণের ভয়ে সুরক্ষার আবেদন নিয়ে দেশের শীর্ষ আদালতে আসাই অনুচিত! এবার সেই মন্তব্যকে টেনে পাল্টা নিশানা করলেন মহুয়া।