ঝড়ে বিপর্যস্ত উত্তরপ্রদেশের বিস্তির্ণ এলাকা, চব্বিশ ঘণ্টায় মৃত একশো জন
প্রয়াগরাজ, ১৪ মে : শক্তিশালী ঝড়ে লণ্ডভণ্ড অবস্থা উত্তরপ্রদেশের তিরিশ জেলার। অযোধ্যা, বারাণসী এবং গাজ়িয়াবাদ-সহ উত্তরপ্রদেশের ৩০ জেলার বিস্তির্ণ এলাকা ঝড়ে বিপর্যস্ত হয়ে পড়েছে।
কোথাও ৬০-৭০ কিলোমিটার বেগে ঝড়, তার সঙ্গে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে। আর এই ঝড়বৃষ্টির কারণে গত ২৪ ঘণ্টায় রাজ্য জুড়ে মৃত্যু হয়েছে ১০০ জনের। তবে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আহত হয়ে হাসপাতালে ভর্তি ৫০ জনেরও বেশি। বরেলীতে ঝড় টিনের একটি ছাউনি-সহ এক ব্যক্তিকে ৪৫ ফুট উঁচুতে উড়িয়ে নিয়ে গিয়ে ১০০ মিটার দূরে ফেলে।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ঝড়বৃষ্টির দাপটে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে প্রয়াগরাজ, প্রতাপগড়, ভদোহী, ফতেহপুর, উন্নাও, কানপুর দেহাত, চন্দৌলী, সোনভদ্র এবং বদায়ুঁ জেলায়। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে উদ্ধারকাজ চলছে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জেলা প্রশাসনগুলিকে জরুরি ভিত্তিতে পদক্ষেপ করতে নির্দেশ দিয়েছেন।
সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে প্রয়াগরাজে। সেখানে ২১ জন মারা গিয়েছেন। তার পরেই রয়েছে ভদোহী। সেখানে মৃত্যু হয়েছে ১৮ জনের। ফতেপুরে মৃত ৯, বদায়ুঁতে ৫, প্রতাপগড়ে ৪, চন্দৌলী এবং কুশীনগরে দু’জন করে মারা গিয়েছেন। সোনভদ্রে এক জনের মৃত্যু হয়েছে। তবে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রয়াগরাজ। সেখানে হন্ডিয়া এলাকায় সাত জনের মৃত্যু হয়েছে। দেওরিয়া, বারাবঁকী, সীতাপুরে ২০০০ গ্রাম বিদ্যুৎহীন হয়ে পড়েছে।