সোমবার | ১৩ জুলাই ২০২৬

অ্য়াকাউন্ট ফ্রিজ ইস্যুতে ফের আদালতের দ্বারস্থ কালীঘাট তৃণমূল

 অ্য়াকাউন্ট ফ্রিজ ইস্যুতে ফের আদালতের দ্বারস্থ কালীঘাট তৃণমূল

কলকাতা, ১৩ জুলাই- দলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ ইস্যুতে এবার ইডির বিরুদ্ধে আদালতে মামলা করল কালীঘাট তৃণমূল। সোমবার বিচারপতি কৃষ্ণ রাওয়ের বেঞ্চে এই মামলাটি দায়ের হলেও মামলার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এমনকি, কালীঘাটের কাছে দলীয় সংবিধানও দেখতে চেয়েছে কেন্দ্রীয় সংস্থা। ইডির আইনজীবী এসভি রাজু আদালতে জানতে চান, তৃণমূলের এই মামলার অনুমোদনপত্র কোথায়? কার অনুমোদনের ভিত্তিতে তারা এই মামলা করেছে? কালীঘাট তৃণমূলের হয়ে এই মামলার সওয়াল করছেন আইনজীবী কিশোর দত্ত। তার কাছে অনুমোদনের বিষয়টি জানতে চান বিচারপতি রাও। কিসের অধিকারের ভিত্তিতে এই মামলা করা হয়েছে, প্রশ্ন করা হয় তৃণমূলকে। এর পরেই দলের সংবিধান দেখতে চান ইডির আইনজীবী।

            বিধানসভা নির্বাচনের পরেই বিভক্ত হয়ে গিয়েছে তৃণমূল। একদিকে রয়েছে কালীঘাট শিবির, অন্যদিকে রয়েছে ঋতব্রত শিবির। দলের প্রতীক থেকে শুরু করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, সবেতেই নিজেদের অধিকার দাবি করেছে ঋতব্রত শিবির। এই পরিস্থিতিতে কয়েকশো কোটি টাকা-সহ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ় করা হয়। তার বিরুদ্ধেই হাই কোর্টের দ্বারস্থ হয়েছিল কালীঘাট তৃণমূল। এর আগে বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে এই সংক্রান্ত মামলায় প্রাথমিক ভাবে কিছুটা স্বস্তি পেয়েছে মমতাপন্থী তৃণমূল। বিচারপতি জানান, প্রয়োজনে ফ্রিজ় হওয়া ওই তিন অ্যাকাউন্টের টাকা ব্যবহার করতে পারবে তারা। সেগুলি থেকে প্রয়োজনীয় আইনি খরচও নেওয়া যাবে। তবে অ্যাকাউন্ট পরিচালনার ক্ষমতা আপাতত তাদের হাতে নেই। তার জন্য হাইকোর্ট স্পেশ্যাল অফিসার নিয়োগ করেছে।

            এবার নতুন মামলাটিতে পার্টি হওয়ার জন্য আবেদন জানায় ঋতব্রত তৃণমূল। কিন্তু তাদের আবেদন খারিজ করে দিয়েছেন বিচারপতি। আদালত জানিয়েছে, তৃণমূলের কর্তৃত্বের বিষয়টি যেহেতু নির্বাচন কমিশনের কাছে বিচারাধীন। তাই আদালত এখনই এই বিষয়ের মধ্যে ঢুকতে চায় না।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *