ঋণ শোধ করব, উত্তরবঙ্গকে বার্তা মুখ্যমন্ত্রীর
কলকাতা, ২০ মে- রাজ্য সরকারের উন্নয়নমুখী কর্মকান্ডের ক্ষেত্রে অগ্রাধিকার পাবে উত্তরবঙ্গ, মুখ্যমন্ত্রী হওয়ার পরে আজ প্রথমবার উত্তরবঙ্গে গিয়ে একথা স্পষ্ট করে দিলেন শুভেন্দু অধিকারী। পাশাপাশি জানিয়ে দিলেন, রাজ্যবাসীকে দেওয়া প্রতিশ্রুতি এক বছরের মধ্যে পালন করবে বিজেপির সরকার।
বাংলায় বেশ কয়েকটি নির্বাচনে এই উত্তরবঙ্গ থেকে ভাল ফল করেছে বিজেপি। এবার বিজেপির সরকার ক্ষমতায় আসার পরেই মুখ্যমন্ত্রী শুভেন্দুর উত্তরবঙ্গ সফরের দিকে নজর রয়েছে সকলের। বুধবার শিলিগুড়িতে পৌঁছে উত্তরকন্যায় একটি প্রশাসনিক বৈঠকে যোগ দেওয়ার আগে এক দলীয় কার্যালয়ে বিজেপির নেতা-কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। সেখানে শুভেন্দু বলেন, ‘আমরা সংকল্পপত্রে যা যা বলেছি, সুনির্দিষ্ট সময়ের মধ্যে তা পূরণ করব। তার কিছু ফল আপনারা পেয়েছেন। আগামী জুন থেকেও কিছু ফল পাবেন। ক্রমান্বয়ে, আগামী তিন মাস, ছ’মাস, এক বছরের মধ্যে আমরা মানুষের কাছে দেওয়া কথা পূরণ করব।’ উত্তরবঙ্গ থেকে বিজেপির সাফল্যের কথা তুলে ধরে মুখ্যমন্ত্রী বলেন, ‘উত্তরবঙ্গ হল বিজেপির ভদ্রাসন। তাই এই সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডে উত্তরবঙ্গ অগ্রাধিকার পাবে।’
তৃণমূলের আমলে উত্তরবঙ্গের কিছুই উন্নয়ন হয়নি বলে বারবার অভিযোগ করেছে বিজেপি। নির্বাচনের প্রচারেও উঠে এসেছে সেই ইস্যু। এবার সেই বিষয়কেও খোঁচা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি শিলিগুড়িতে দাঁড়িয়ে বলেন, ‘এবার থেকে প্রতি মাসে মুখ্যমন্ত্রী ও মন্ত্রিসভা উত্তরবঙ্গে আসবে। ঘুরতে নয়, এখানে কাজ করতে আসব। কথা কম বলব। কাজ বেশি করব।’ আজ মুখ্যমন্ত্রী উত্তরের পাঁচ জেলার বিধায়ক, পুলিশ ও প্রশাসনের কর্তাদের নিয়ে শিলিগুড়ির উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক করেন। উত্তরবঙ্গের মানুষের অভাব অভিযোগের কথা শুনতে এবার থেকে প্রতি সপ্তাহে উত্তরকন্যায় উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী বসবেন বলেও জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। শুভেন্দু বলেন, ‘উত্তরবঙ্গের পূণ্যভূমিকে প্রণাম জানাই। ২০০৯ সাল থেকে দার্জিলিংয়ের পাহাড় আর উত্তরবঙ্গ প্রথম বিজেপিকে জায়গা করে দিয়েছে। উত্তরবঙ্গের উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিজেপি সংকল্পপত্রে যা যা বলেছে, উন্নয়নের মাধ্যমে সেসব কিছু করে উত্তরবঙ্গের ঋণ শোষ করব। উত্তরবঙ্গের ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়ার কাজ বিজেপি সরকার করবে।’ হুঁশিয়ারির সুরে শুভেন্দু জানিয়েছেন, উত্তরবঙ্গে জিটিএ কীভাবে কাজ করেছে, কতটা কাজ হয়েছে সেসব ফাইল খোলা হবে। তৃণমূল আমলে উন্নয়নের নামে কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে বলে অভিযোগ ওঠে। মানুষের উন্নয়ন হচ্ছে না, কেবল প্রচারকে সামনে রেখে আড়ালে আখের গোছাচ্ছেন নেতারা! সেই অভিযোগ বিজেপির তরফে একাধিক বার উঠেছিল। এবার সেই জিটিএ ফাইলস-ই খুলতে বদ্ধপরিকর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।