বৃহস্পতিবার | ২৫ জুন ২০২৬

প্রবল বর্ষণ, জলমগ্ন কলকাতার বিস্তির্ণ এলাকা

 প্রবল বর্ষণ, জলমগ্ন কলকাতার বিস্তির্ণ এলাকা

কলকাতা, ২৫ জুন– দুপুরের ঘণ্টা দু’য়েকের বৃষ্টিতেই বেসামাল পরিস্থিতি শহর কলকাতার। শহরের নানা প্রান্তে জল জমে যায়। জল জমে এসএসকেএম হাসপাতাল থেকে শুরু করে আরজিকর হাসপাতালের এলাকায়। এরই মধ্যে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের তিন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টি এবং ৪০-৫০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

            রাস্তায় জল জমে যাওয়ায় যান চলাচলও ব্যাহত হচ্ছে। ইএম বাইপাস, মা ফ্লাইওভারে যানজটের কারণে গাড়ির গতি খুব মন্থর। জানা গিয়েছে, বৃষ্টির কারণে সেন্ট্রাল অ্যাভিনিউ, মহাত্মা গান্ধী রোড, আমহার্স্ট স্ট্রিট জলমগ্ন হয়ে পড়েছে। এ ছাড়াও দমদম, বাগুইআটিতেও জল জমে গিয়েছে। জলমগ্ন সল্টলেকও। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী কয়েক দিন ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণের বেশ কয়েকটি জেলায়। মাঝে দু’-এক দিন রেহাই মিললেও বিক্ষিপ্ত বৃষ্টি চলবে সপ্তাহান্ত পর্যন্ত। তবে উত্তরবঙ্গে বৃষ্টি চলবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। আগামী কয়েক দিন ঝড়বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গের পাঁচ জেলায়।

            জলমগ্ন শহরের চিকিৎসা ব্যবস্থার অন্যতম প্রধান ভরসাস্থল তথা ঐতিহ্যবাহী এসএসকেএম বা পিজি হাসপাতালের অন্দরমহল। একই পরিস্থিতি উত্তর কলকাতার আর জি কর হাসপাতালে। যে ঘটনা বেশ উদ্বেগের। সামান্য সময়ের বৃষ্টিতেই হাসপাতালের একাধিক গুরুত্বপূর্ণ ওয়ার্ড সম্পূর্ণ জলমগ্ন হয়ে পড়েছে। ফলে চরম বিপাকে পড়েছেন চিকিৎসাধীন থাকা অসহায় রোগী থেকে শুরু করে তাদের সঙ্গে আসা আত্মীয় পরিজনেরা। সবচেয়ে ভয়ঙ্কর ও শোচনীয় পরিস্থিতির সৃষ্টি হয়েছে এসএসকেএম হাসপাতালের অত্যন্ত সংবেদনশীল স্ত্রী রোগ সংক্রান্ত বিভাগে। প্রসূতি ও সদ্যোজাতদের যেখানে অত্যন্ত সাবধানে ও পরিচ্ছন্ন পরিবেশে রাখার কথা, সেই গাইনি বিভাগের পুরো ওয়ার্ড জুড়ে এখন থইথই করছে নোংরা জল। পরিস্থিতি এতটাই বেগতিক যে, বিছানা বা খাটের ওপর পা গুটিয়ে, গুটিসুটি মেরে বসে থাকতে বাধ্য হচ্ছেন রোগীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *