শনিবার | ২৫ জুলাই ২০২৬

ধর্মতলায় ছাত্র বিক্ষোভে বিশৃঙ্খলায় কড়া অবস্থান সরকারের

 ধর্মতলায় ছাত্র বিক্ষোভে বিশৃঙ্খলায় কড়া অবস্থান সরকারের

কলকাতা, ২৫ জুলাই- ধর্মতলায় ছাত্র বিক্ষোভকে কেন্দ্র করে যে বিশৃঙ্খলা তৈরি হয়েছিল তা নিয়েও সরকার যে কড়া অবস্থান নেবে তা আজ স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি আজ বিধানসভায় জানান, শুক্রবার ধর্মতলার মিছিল থেকে মোট ৭০ জনকে চিহ্নিত করা হয়েছে। মামলা হয়েছে সাতটি। তার সঙ্গে গুন্ডাদমন আইন যুক্ত করা হয়েছে। শুভেন্দু জানিয়েছেন, দুষ্কৃতীদের কঠোর শাস্তি নিশ্চিত করা হবে। এমন শাস্তি দেওয়া হবে যে, তাঁদের তিন পুরুষ মনে রাখবেন। শিক্ষায় দুর্নীতি, নিটের প্রশ্নফাঁসের বিরুদ্ধে দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলনের আঁচ লেগেছে কলকাতাতেও। শুক্রবার ধর্মতলায় একটি মিছিলের আয়োজন করা হয়েছিল। বাম ছাত্রসংগঠনগুলির সঙ্গে সিজেপি-র ডাকে বহু মানুষ জমায়েত করেছিলেন। সেখান থেকে পুলিশের উপর আক্রমণের চেষ্টা হয় বলে অভিযোগ। আরও অভিযোগ, আক্রান্ত হয়েছেন সাংবাদিকেরাও। তা নিয়ে শনিবার বিধানসভায় অসন্তোষ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। সাংবাদিকদের উপর হামলার নিন্দা করেছেন তিনি।

            মুখ্যমন্ত্রী জানিয়েছেন, যে ৭০ জনকে চিহ্নিত করা হয়েছে, তারা কেউ ছাত্র বা সিজেপি-র সদস্য নন। নিট-আন্দোলনের সঙ্গে তাদের কোনও যোগ নেই। পাঁচ জন ‘কুখ্যাত দুষ্কৃতী’র নাম করেন মুখ্যমন্ত্রী। বলেন, ‘রাজাবাগানের আফরোজ, খিদিরপুরের নাহিদ, একবালপুরের তনবীর এবং নিজাম, ওয়াটগঞ্জের রাহুল জামাল। এই পাঁচটা গুন্ডার নাম বললাম। গুন্ডাদমন আইনে এমন ব্যবস্থা নেব, যাতে এক দিন নয়, গুন্ডাদের তিন পুরুষ মনে রাখবে। এই জন্যই এই আইন আনা হয়েছে। এর কতটা প্রয়োজনীয়তা ছিল, মানুষ এখন বুঝতে পারবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *