মঙ্গলবার | ০৭ জুলাই ২০২৬

লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ থেকে মিড ডে মিল, বিজেপি সরকারের বিরুদ্ধে ১৫ টি অভিযোগ তুললেন অভিষেক

 লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ থেকে মিড ডে মিল, বিজেপি সরকারের বিরুদ্ধে ১৫ টি অভিযোগ তুললেন অভিষেক

কলকাতা, ৭ জুলাই- মঙ্গলবার নিজের এক্স হ্যান্ডেলে রাজ্যের বিজেপি সরকারের বিরুদ্ধে পনেরোটি অভিযোগ তুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে কটাক্ষের সুরে তিনি লিখেছেন, ‘বাংলায় বিজেপির ডবল ইঞ্জিন সরকারের ১৫টি ‘সাফল্য’— মাত্র দুই মাসে।’ পোস্টের শুরুতেই শাসকদল বিজেপির বিরুদ্ধে তৃণমূলের সাংসদ ও বিধায়কদের জোর করে দল ভাঙানোর অভিযোগ এনেছেন। অভিষেকের দাবি, বিধানসভায় বিজেপি এমন একজনকে ‘প্রক্সি’ বিরোধী দলনেতা বানিয়েছে, যিনি আসলে রাজ্য বিজেপির নির্দেশেই পুতুলের মতো কাজ করছেন। রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে অভিষেকের অভিযোগ, বিগত দু’মাসে রাজ্যে নাবালিকা-সহ অন্তত ১৪টি ধর্ষণের ঘটনা ঘটেছে। যোগ দিবসের নামে টানা সাত দিন রাস্তাঘাট বন্ধ করে রাখা হয়েছিল। দিনের আলোয় সংখ্যালঘু ধর্মীয় প্রতিষ্ঠান ভেঙে ফেলার মত ঘটনা ঘটছে বলেও অভিযোগ করেছেন তিনি। তার আরও দাবি, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্প থেকে প্রায় ১ কোটি প্রকৃত উপভোক্তার নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে।

            যোগীরাজ্যের ‘বুলডোজার সংস্কৃতি’ বাংলাতেও থাবা বসিয়েছে বলে কটাক্ষ করেছেন অভিষেক। তিনি লিখেছেন, হকার ও প্রান্তিক মানুষের ঘরবাড়ি ভেঙে তাদের জীবিকা ধ্বংস করা হচ্ছে। মিড ডে মিল প্রসঙ্গে অভিষেকের মন্তব্য, বাংলার ইতিহাসে এই প্রথমবার শিশুদের মিড-ডে মিল থেকে ডিম বাদ দিয়ে নিরামিষ খাবার দেওয়া হচ্ছে, যা শিশুদের প্রোটিনের উৎস থেকে বঞ্চিত করছে। তীব্র কটাক্ষের সুরে তিনি অভিযোগ তুলেছেন, যাঁরা সরকারের ‘জুতো চাটছেন’ তাঁদের রাজ্য ও কেন্দ্রের নিরাপত্তা দেওয়া হচ্ছে, আর যাঁরা মাথা নত করছেন না, তাঁদের নিরাপত্তা কেড়ে নেওয়া হচ্ছে। সিআইডি, ইডি, এসটিএফ এবং সিবিআই-এর মতো কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করে বিরোধীদের বাড়িতে তল্লাশি ও নোটিশ পাঠানো হচ্ছে। তিনি লিখেছেন, ‘দিল্লির ‘জমিদারদের’ নির্দেশে সলিসিটর জেনারেল পশ্চিমবঙ্গ পুলিশের হয়ে আদালতে দাঁড়াচ্ছেন এবং বারবার মামলার স্থগিতাদেশ চাইছেন। যাতে মানুষের জন্য যারা লড়াই করছেন, তারা আদালত থেকে কোনও অন্তর্বর্তী স্বস্তি না পান।’ তৃণমূল সাংসদের এই কটাক্ষের জবাবে শাসক বিজেপি পাল্টা কোনও জবাব দেয় কিনা সেটাই এবার দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *