মঙ্গলবার | ২১ জুলাই ২০২৬

ইউক্রেনের কাছে পণ্যবাহী জাহাজে হামলায় নিহত চার ভারতীয়, নিন্দা নয়াদিল্লির

 ইউক্রেনের কাছে পণ্যবাহী জাহাজে হামলায় নিহত চার ভারতীয়, নিন্দা নয়াদিল্লির

কিভ, ২১ জুলাই : ইউক্রেনের কাছে একটি পণ্যবাহী জাহাজে হামলার জেরে প্রাণ হারালেন চার ভারতীয়। আরেকজন গুরুতর আহত হয়েছেন। হাসপাতালে তার চিকিৎসা চলছে। গত ১৯ জুলাই সন্ধ্যায় ইউক্রেনের ওদেসা বন্দর থেকে জাহাজটি ছাড়ার পরপরই ওই হামলার ঘটনাটি ঘটে। গিনি বিসাউয়ের পতাকাবাহী ‘এমভি গোল্ডেন লিও’ নামে ওই পণ্যবাহী জাহাজে মোট ১৭ জন ক্রু সদস্য ছিলেন। তার মধ্যে পাঁচ জন ভারতীয়। চার ভারতীয় নাগরিক নিহত এবং এক জন গুরুতর আহত হওয়ার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে নয়াদিল্লি। গোটা ঘটনায় রাশিয়াকে দায়ী করেছেন ইউক্রেন।

            ভারতের বিদেশ মন্ত্রকের তরফে সোমবার এক বিবৃতিতে জানানো হয়, তাদের কাছে যে তথ্য এসেছে সেই অনুযায়ী চার জন ভারতীয় নাগরিক প্রাণ হারিয়েছেন যা অত্যন্ত দুঃখজনক। একজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। বেসামরিক বাণিজ্যিক জাহাজকে লক্ষ্যবস্তু করা এবং নিরপরাধ ক্রু সদস্যদের জীবন বিপন্ন করা, অথবা অন্য কোনও উপায়ে নৌচলাচল ও বাণিজ্যের স্বাধীনতায় বাধা সৃষ্টি করা অত্যন্ত নিন্দনীয় এবং এটি ত্যাগ করা উচিত বলেও জানিয়েছে নয়াদিল্লি। 

            ইউক্রেন কর্তৃপক্ষ সূত্রে খবর, রবিবার ওদেসা ছাড়ার পরপরই তিনটি রুশ ক্রুজ ক্ষেপণাস্ত্রের আঘাতে ওই পণ্যবাহী জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়। ইউক্রেনের নৌবাহিনী জানিয়েছে, হামলার পর জাহাজটিতে আগুন ধরে যায়। সংবাদসংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, উপকূলের কাছে একটি জাহাজ থেকে কালো ধোঁয়া উড়তে দেখা যায়। ক্রু সদস্যরা ভারত ও সিরিয়ার নাগরিক ছিলেন। ইউক্রেনের বন্দর কর্তৃপক্ষ জানিয়েছেন, ওই হামলার পর সারা রাত ধরে উদ্ধার অভিযান চালানো হয়েছে। এই ঘটনায় ন’জন ক্রু সদস্য এবং একজন মেরিটাইম পাইলট নিহত হয়েছেন।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *