শনিবার | ১৬ মে ২০২৬

মিঠুন চক্রবর্তীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ মুখ্যমন্ত্রীর

 মিঠুন চক্রবর্তীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ মুখ্যমন্ত্রীর

কলকাতা, ১৬ মে- আজ প্রশাসনিক বৈঠকে যোগ দেওয়ার আগে বিজেপি নেতা তথা বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তীর নিউ টাউনের বাড়িতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শপথ নেওয়ার পর এই প্রথম আলাদা করে মিঠুনের সঙ্গে তিনি বৈঠক করলেন। ঘণ্টাখানেক দুই নেতার মধ্যে আলোচনা হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, ‘মিঠুনদা এ রাজ্যে বিজেপির জয়ের অন্যতম কারিগর। আমাকে দল মুখ্যমন্ত্রী করেছে। তার পিছনেও ওঁর হাত রয়েছে। ছ’বছর ধরে রাজ্যে পরিবর্তন আনার জন্য মিঠুনদা অনেক পরিশ্রম করেছেন। নিঃস্বার্থ ভাবে কাজ করেছেন। উনি আমাকে জানিয়েছিলেন, আমার সঙ্গে দেখা করতে যেতে চান। আমি বলেছি, আপনি আসবেন কেন? আপনার তৈরি করা মুখ্যমন্ত্রী আপনার কাছে আসবে।’ মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘মিঠুনদার জনপ্রিয়তা বিজেপির গণ্ডিতে আবদ্ধ নেই। তার বাইরেও রয়েছে। আমি নিজে অষ্টম শ্রেণির পর আর সিনেমা দেখিনি। তবে মিঠুনদা অন্য জায়গায়। তিনি মহাগুরু। আমি ওঁর আশীর্বাদ নিতে এসেছি।’

পাল্টা শুভেন্দুর ভূয়সী প্রশংসা করে মিঠুন চক্রবর্তী বলেন, ‘এর থেকে ভাল মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে হতে পারে না। আমি গ্যারান্টি দিয়ে এ কথা বলছি। শপথ নেওয়ার পর থেকে উনি কাজ করে চলেছেন। আমাদের সৌভাগ্য ওঁকে মুখ্যমন্ত্রী হিসাবে পেয়েছি। ওঁর পিছনেই রয়েছি।’ এই সৌজন্য সাক্ষাতের পরে সৌজন্য সাক্ষাতের পর শুভেন্দু সমাজমাধ্যমে লেখেন, ‘বিজেপির কেন্দ্রীয় সমিতির সদস্য তথা বিশিষ্ট অভিনেতা মিঠুন চক্রবর্তীর সঙ্গে কলকাতায় সৌজন্য সাক্ষাৎ করলাম। ২০২১ সালের পর থেকে ২০২৬-এ বিজেপির সরকার গঠন পর্যন্ত পশ্চিমবঙ্গের পরিবর্তনের লক্ষ্যে, পশ্চিমবঙ্গের গৌরব ফিরিয়ে আনতে নিরলস পরিশ্রম করেছেন তিনি। রাজ্যের প্রতিটি প্রান্তে ছুটে বেড়িয়েছেন। পশ্চিমবঙ্গের মা-বোনদের উপর নির্যাতন বা রাষ্ট্রবাদীদের প্রতি অত্যাচারের বিরুদ্ধে গর্জে উঠে যে ভাবে তিনি পাশে থেকেছেন, তার জন্য তাকে কুর্নিশ জানাই।’   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *