শুক্রবার | ২৫ সেপ্টেম্বর ২০২৬

আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে ফের সংঘর্ষ, নিহত একাধিক আফগান তালিবান

 আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে ফের সংঘর্ষ, নিহত একাধিক আফগান তালিবান

বালোচিস্তান, ২৫ সেপ্টেম্বর : নতুন করে ফের সংঘর্ষে জড়াল আফগানিস্তান ও পাকিস্তান। ড্রোন অনুপ্রবেশ এবং তার পাল্টা বিমানহানার পর এ বার সীমান্তে সরাসরি সংঘর্ষে জড়াল দু’পক্ষ। শুক্রবার পাকিস্তানের সরকারি সংবাদমাধ্যম দাবি করেছে, বালোচিস্তান প্রদেশের গুলিস্তান সেক্টর দিয়ে পাকিস্তানি ভূখণ্ডে অনুপ্রবেশের চেষ্টা করে একদল আফগান তালিবান। পাক নিরাপত্তারক্ষীরা বাধা দিলে দু’পক্ষের মধ্যে তীব্র গুলির লড়াই শুরু হয়। পাকিস্তানের দাবি, তাদের বাহিনীর পাল্টা গুলিতে একাধিক আফগান তালিবান যোদ্ধার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার মধ্যরাতের পরেও দু’পক্ষের মধ্যে থেকে থেকে গুলি চলেছে।

            পাক তথ্যমন্ত্রী আতাউল্লা তারার জানান, বৃহস্পতিবার আফগানিস্তানের অন্তত ১০টি ডেরায় নিখুঁত ভাবে ড্রোন ও বিমানহানা চালিয়েছে পাক সেনা। তার দাবি, বুধবার আফগান ভূখণ্ড থেকে বেশ কয়েকটি ড্রোন পাকিস্তানের আকাশসীমায় বেআইনি ভাবে প্রবেশ করেছিল। এর পাল্টা ‘আত্মরক্ষার অধিকার’ প্রয়োগ করেই বৃহস্পতিবার ওই হামলা চালানো হয়েছে। পাক বিমানহানার তীব্র নিন্দা করে তালিবান সরকারের মুখপাত্র জাবিহুল্লা মুজাহিদ দাবি করেছেন, বৃহস্পতিবারের পাক হামলায় চার জন আফগান নাগরিকের মৃত্যু হয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়েছেন, এই ধরনের পদক্ষেপের জন্য পাকিস্তানকে ‘ভয়াবহ পরিণতি’ ভোগ করতে হবে।

             পাকিস্তানের দীর্ঘদিনের অভিযোগ, কাবুলের তালিবান সরকার টিটিপি এবং অন্যান্য সশস্ত্র সংগঠনকে আফগান ভূখণ্ড ব্যবহার করে পাকিস্তানে হামলার সুযোগ করে দিচ্ছে। কাবুল অবশ্য নিয়মিত ভাবে এই অভিযোগ খারিজ করে আসছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *