বুধবার | ০৯ সেপ্টেম্বর ২০২৬

পাঁচটি তেলবাহী জাহাজ ধ্বংসের দাবি, ইরানের হামলার পাল্টা জবাব আমেরিকার

 পাঁচটি তেলবাহী জাহাজ ধ্বংসের দাবি, ইরানের হামলার পাল্টা জবাব আমেরিকার

ওয়াশিংটন, ৯ সেপ্টেম্বর : এবার ইরানের হামলার জবাব দিতে শুরু করল আমেরিকা। পশ্চিম এশিয়ায় দায়িত্বপ্রাপ্ত আমেরিকার সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) দাবি করেছে, তারা ইরানের অপরিশোধিত তেল বহনকারী পাঁচটি জাহাজে হামলা চালিয়েছে! পাঁচটি জাহাজই ধ্বংস করা হয়েছে বলে দাবি মার্কিন বাহিনীর। তবে ইরান এই বিষয়ে এখনও কোনও বিবৃতি প্রকাশ করেনি।

            হরমুজ প্রণালীর কাছে ফের পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। ইরান যেমন আক্রমণ করেছে আমেরিকাকে, তেমনই আবার আমেরিকাও ইরানকে পাল্টা জবাব দিচ্ছে।  ইরানের বিরুদ্ধে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ উঠেছে। সেন্টকমের দাবি, পর পর দু’দিন তেহরান মার্কিন যুদ্ধজাহাজ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে। যদিও কোনও বারই ক্ষেপণাস্ত্রগুলি মার্কিন জাহাজের ক্ষতি করতে পারেনি। তবে ইরানের ‘ব্যর্থ’ হামলার জবাব দেওয়া হচ্ছে বলে জানিয়েছে সেন্টকম। তাদের অভিযোগ, ইরানের রেভলিউশনারি গার্ড বাহিনী (আইআরজিসি) তেল চোরাচালানের সঙ্গে যুক্ত! সেই কারণে ইরানের পাঁচটি তেলবাহী জাহাজ লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

            মার্কিন বাহিনীর দাবি, তারা কোনও নাবিকের ক্ষতি চায়নি। সেই কারণে হামলা চালানোর আগে ওই জাহাজগুলিতে থাকা নাবিকদের অন্যত্র সরে যাওয়ার জন্য বার্তা পাঠানো হয়েছিল। নাবিকেরা ট্যাঙ্কার ছেড়ে চলে যাওয়ায় জাহাজগুলি আর স্থান পরিবর্তন করতে পারেনি। হামলার ছবি নিজেদের এক্স হ্যান্ডলে পোস্ট করেছে সেন্টকম। মার্কিন বাহিনীর অভিযোগ, আইআরজিসি ওই সব তেল ট্যাঙ্কারগুলিকে কয়েক হাজার কোটি ডলারের ‘গোপন-নেটওয়ার্ক’-এর অংশ হিসেবে কাজে লাগাচ্ছিল। এর থেকে পাওয়া টাকা আইআরজিসি এবং তার ‘ছায়াসঙ্গী’-দের অর্থায়নে সাহায্য করছে। এই হামলা রোখার ক্ষমতা ইরানের নেই বলেও দাবি সেন্টকমের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *