অন্নপূর্ণা দিবসের অনুষ্ঠান থেকে পূর্বতন মমতা সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর
অন্নপূর্ণা দিবসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
কলকাতা, ১৭ সেপ্টেম্বর- বৃহস্পতিবার বিধাননগরের বইমেলা প্রাঙ্গণে অন্নপূর্ণা দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানের সংক্ষিপ্ত বক্তৃতায় নারীর ক্ষমতায়ন থেকে শুরু করে বাল্যবিবাহ, মাদকমুক্ত পশ্চিমবঙ্গ এবং মহিলাদের আর্থিক সহায়তা— একাধিক বিষয় তুলে ধরেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি পূর্বতন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের নিন্দা করে মুখ্যমন্ত্রী কটাক্ষের সুরে জানিয়েছেন, বর্তমান সরকার শুধু ভাতা দিতে আসেনি, সংস্কার করতে এসেছে। মুখ্যমন্ত্রী বলেন, ‘নেশামুক্ত পশ্চিমবঙ্গ গড়ব। সবাইকে এগিয়ে আসতে হবে। পাশাপাশি, বাল্যবিবাহ ও বাল্যবয়সে সন্তান প্রসব বন্ধ করতে এসেছি। এই সরকার শুধু ভাতা দিতে আসেনি। সংস্কার করতে এসেছে। আগের সরকার বিশ্ববাংলার ছবি দেখিয়ে মানুষকে বঞ্চিত করে রেখেছিল।’
মহিলাদের নিরাপত্তার প্রসঙ্গও উঠে আসে মুখ্যমন্ত্রীর বক্তব্যে। তিনি বলেন, ‘আমরা এই চার মাসে প্রথম যে কাজটা করেছি, মা-বোনেদের উপরে যে অত্যাচার হয়েছে, তার জন্য আমরা কমিশন বানিয়েছি। অত্যাচার হলে আমরা ছাড়ব না। আমাদের এটা কমিটমেন্ট।’ অন্নপূর্ণা যোজনার চতুর্থ কিস্তির টাকা নিয়েও ঘোষণা করেন শুভেন্দু। তাঁর দাবি, দেড় কোটিরও বেশি মহিলার অ্যাকাউন্টে ইতিমধ্যেই টাকা পাঠানো হয়েছে। বাকি যোগ্য আবেদনকারীদের অ্যাকাউন্টেও সারা দিন ধরে টাকা পৌঁছে যাবে। প্রতি মাসে মহিলাদের অ্যাকাউন্টে ৩ হাজার টাকা করে দেওয়া হবে বলেও জানান তিনি। প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রসঙ্গও তাঁর কথায় উঠে আসে। মুখ্যমন্ত্রীবলেন, পশ্চিমবঙ্গে ৫০ লক্ষের বেশি নতুন বাড়ি তৈরির জন্য তালিকা প্রস্তুত করা হয়েছে। ওই বাড়িগুলির মালিকানা মহিলাদের নামে করার কথা জানিয়েছেন তিনি। তার মন্তব্য, ‘এই সমস্ত বাড়ির মালিক মহিলারা হবেন। মহিলাদের নামে এগ্রিমেন্ট করা হবে। প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ির মালিক আমরা মহিলাদেরই করব।’