সোমবার | ২৫ মে ২০২৬

বাংলায় একশো দিনের কাজ চালু করার নির্দেশ মুখ্যমন্ত্রীর

 বাংলায় একশো দিনের কাজ চালু করার নির্দেশ মুখ্যমন্ত্রীর

কলকাতা, ২৫ মে- বাংলায় ফের চালু হতে চলেছে একশো দিনের প্রকল্প। জুনের প্রথম সপ্তাহ থেকেই ‘জি রাম জি’ নামের এই প্রকল্পটি চালু করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার বিভিন্ন দপ্তরের সচিবদের নিয়ে নবান্নে একটি বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেখানেই প্রকল্পটি চালু করার পাশাপাশি একাধিক কড়া নির্দেশ দিয়েছেন তিনি।

            বাংলায় তৃণমূল সরকারের আমলে দুর্নীতি হয়েছিল বলে একাধিকবার অভিযোগ ওঠে। তৎকালীন সরকারের বিরুদ্ধে টাকা নয়ছয়ের অভিযোগ ওঠার পরে একশোদিনের প্রকল্পের বরাদ্দ বন্ধ করে দেয় কেন্দ্র। এবার ক্ষমতায় আসার পরেই বাংলায় কর্মযজ্ঞে নেমেছে নতুন সরকার। সাধারণ মানুষের জীবন ও কাজের উন্নয়নের জন্য বড় বার্তা দিচ্ছে রাজ্য সরকার। তারই অঙ্গ হিসেবে এবার একশোদিনের প্রকল্প ফের চালু করার বিষয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। একশোদিনে সীমাবদ্ধ থাকছে না এই প্রকল্প। এবার এই প্রকল্পে কর্মসংস্থানের মেয়াদ বেড়ে হচ্ছে ১২৫ দিন। প্রশাসনিক সূত্রে খবর, নবান্নের বৈঠকে মুখ্যমন্ত্রী স্পষ্ট নির্দেশ দিয়েছেন, এই নতুন প্রকল্পে যারা কাজ পাবেন, তাদের আইনি পরিচয়পত্র হিসেবে আধার কার্ড এবং ভোটার কার্ড থাকা বাধ্যতামূলক। নথির ক্ষেত্রে কোনওরকম শিথিলতা বরদাস্ত করা হবে না। এখানেই শেষ নয়, কড়া প্রশাসনিক বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী সাফ জানিয়েছেন, বিগত দিনে রাজ্যের যে সমস্ত জেলায় একশো দিনের কাজের প্রকল্পে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছিল, সেই সব জেলার পুরনো অনিয়ম ও দুর্নীতির খতিয়ান নতুন করে পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখতে হবে।

            প্রকল্পের কাজ শুরু হলেও আপাতত দুই জেলায় এখনই শুরু হচ্ছে না এই একশো দিনের কাজ। তৃণমূল সরকারের আমলে দক্ষিণ চব্বিশ পরগনা ও মুর্শিদাবাদ জেলায় এই প্রকল্পে সব থেকে বেশি দুর্নীতি হয়েছিল বলে অভিযোগ। সেই নিয়ে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে জোর চর্চাও হয়। সেই দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখার জন্যই আপাতত ওই দুই জেলায় একশো দিনের প্রকল্প চালু হচ্ছে না। বাকি সব জেলাতেই এই প্রকল্প চালু হচ্ছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *