নিটে রাজ্যের সেরা একশোজনকে সংবর্ধনা মুখ্যমন্ত্রীর
কলকাতা, ২৮ জুলাই- মঙ্গলবার নবান্ন সভাঘরে নিট-ইউজি পরীক্ষায় সফল রাজ্যের প্রথম ১০০ জন কৃতী ছাত্রছাত্রীকে মঙ্গলবার বিকেলে সংবর্ধিত করা হয়। সেই অনুষ্ঠানে উপস্থিত থেকে কৃতীদের হাতে ল্যাপটপ তুলে দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা সমতুল পরীক্ষার কৃতীদের সংবর্ধনা দেওয়ার রীতি রাজ্যে দীর্ঘদিনের হলেও ডাক্তারি প্রবেশিকার মতো সর্বভারতীয় কঠিন পরীক্ষায় উত্তীর্ণদের এভাবে বড় সরকারি মঞ্চে সম্মানিত করার ঘটনা আগে দেখা যায়নি। এ দিনের অনুষ্ঠানে কোচবিহার থেকে কলকাতা— উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্তের কৃতী পড়ুয়ারা তাদের অভিভাবকদের নিয়ে উপস্থিত ছিলেন।
কৃতী শিক্ষার্থীদের সাফল্যকে কুর্নিশ জানিয়ে এ দিন মুখ্যমন্ত্রী বলেন, ‘কঠিন প্রতিযোগিতার মধ্য দিয়ে অধ্যবসায় ও মেধার জোরে আপনারা শীর্ষস্থানে পৌঁছাতে পেরেছেন। এই সাফল্য কেবল আপনাদের ব্যক্তিগত নয়, গোটা পশ্চিমবঙ্গের মানুষের জন্য আনন্দের ও গর্বের।’ নিট প্রশ্নফাঁস কান্ডে গোটা দেশজুড়ে যখন ছাত্র আন্দোলনের জেরে পদত্যাগ করলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী সেই আবহে নবান্নের এই পদক্ষেপ যথেষ্ট তাৎপর্যপূর্ণ।