শনিবার | ১১ জুলাই ২০২৬

বেআইনি মদ, গাঁজার ঠেকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ মুখ্যমন্ত্রীর

 বেআইনি মদ, গাঁজার ঠেকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ মুখ্যমন্ত্রীর

কলকাতা, ১১ জুলাই- এবার রাজ্য সরকারের নজরে বেআইনি মদ ও গাঁজার ঠেক। এই ধরনের কার্যকলাপ ঠেকাতে এবার রাজ্যজুড়ে কড়া ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশকে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার বারুইপুরের সূর্যপুরে নতুন পুলিশ ফাঁড়ির উদ্বোধন করতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। নির্যাতিতা বালিকার পরিবার এবং গণপিটুনিতে নিহতের পরিবারের সঙ্গে দেখা করেন তিনি। দুই পরিবারের পাশে থাকারই বার্তা দিয়েছেন। সেখান থেকেই পুলিশকে এবার নতুন এই নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

            বারুইপুরে নাবালিকাকে গণধর্ষণ এবং খুনের ঘটনার নেপথ্যে এই মদের ঠেকগুলির বড় ভূমিকা আছে বলে মনে করেন তিনি। গ্রামগঞ্জ থেকে এগুলিকে উপড়ে ফেলার ডাক দিয়েছেন। এই ধরনের ঠেকের হদিস কারও কাছে থাকলে তা পুলিশকে জানানোর জন্য সাধারণ মানুষকে আহ্বানও জানিয়েছেন শুভেন্দু। অর্থাৎ, প্রশাসন যে এই ধরনের কার্যকলাপের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে তা আজ স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘সব কিছুর কার্য-কারণ থাকে। যে জঘন্য অপরাধ হয়েছে, আমি মনে করি, তার পিছনে বেআইনি মদের ঠেক, বেআইনি গাঁজা, চরস, মাদকের বড় ভূমিকা আছে। আপনারা পুলিশকে এগুলো জানান।’

            মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন রাজ্য পুলিশের ডিজি সিদ্ধনাথ গুপ্ত এবং জেলা পুলিশের কর্মকর্তারা। সেখানেই তিনি বলেন, ‘মি ডিজিপি-কে বলব, আগামী দু’সপ্তাহ রাজ্য জুড়ে বিশেষ অভিযান চালান। ব্যাটেলিয়নে থাকা লোকজনকে বিশেষ অভিযানে লাগান, সিও-দের এক-একটা জেলা দিয়ে দিন। রাজ্যে যত বেআইনি মদের ঠেক, গাঁজা বা চরসের ঠেক আছে, তার বিরুদ্ধে অভিযান চালাতে হবে।’ সীমান্ত এলাকায় এই ধরনের কার্যকলাপের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলেও এবার গ্রামগঞ্জেও একইভাবে ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘রেলস্টেশন, বাসস্ট্যান্ডে রেকি করে প্রতি দিনই ধরপাকড় হচ্ছে। কিন্তু গ্রামীণ এলাকা থেকেও এটা সম্পূর্ণ উপড়ে ফেলা দরকার। যাতে এই সামাজিক দূষণ থেকে আমরা পরিবেশকে বাঁচাতে পারি।’

            বারুইপুরে গণপিটুনিতে নিহতের পরিবারকে শনিবার ২৫ লক্ষ টাকার আর্থিক সহায়তার চেক তুলে দেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, নির্যাতিতা বালিকার পরিবারকেও সাহায্য করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *