বিজেপি রাজনৈতিক গিরগিটি, আক্রমণ মমতার
হরিপালের সভায় মমতা
হরিপাল, হুগলি, ২২ এপ্রিল – নির্বাচনের সময়ে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা নতুন কিছু নয়। কিন্তু এবার বাংলার নির্বাচনে নজর কেড়েছে কেন্দ্রীয় বাহিনীর ব্যবহৃত সাঁজোয়া গাড়ি। আর তা নিয়েই এবার নির্বাচনী সভা থেকে তোপ দাগলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
হুগলি জেলার হরিপালের সভা থেকে মমতা বলেন, ‘পহেলগামে জঙ্গিরা আমাদের মেরে যায়, মোদীবাবু পাকিস্তানকে আক্রমণ করতে পারেন না। আর বাংলায় ভোটের জন্য সাঁজোয়া গাড়ি এনেছে! কীসে লাগে? পহেলগামের সময় সাঁজোয়া গাড়ি কোথায় ছিল?’ মুখ্যমন্ত্রী মণিপুরের পরিস্থিতির প্রসঙ্গ টেনে কেন্দ্রের দ্বিমুখী আচরণের অভিযোগ তুলেছেন। তাঁর কটাক্ষ, গত তিন বছর ধরে মণিপুরে শান্তি নেই, সেখানে গাড়ি না পাঠিয়ে বাংলায় কেন পাঠানো হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূলনেত্রী।
কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে ছাপ্পা ভোট দেওয়ানো হবে বলেও আশঙ্কাপ্রকাশ করেছেন মমতা। তিনি বলেন, ‘গায়ের জোরে কেন্দ্রীয় বাহিনী ছাপ্পা ভোট দেবে। আমি ওদের বলব, রাজনীতি করবেন না। আমরা আপনাদের স্যালুট করি। আপনারা দেশরক্ষা করেন। কেন্দ্রীয় বাহিনী নাকি ‘বিজেপি জিন্দাবাদ’ বলে এখন! এত দুঃসাহস হয় কী করে?’ একুশের নির্বাচনে নন্দীগ্রামের প্রসঙ্গ টেনে মমতা বলেন, ‘নন্দীগ্রামে জোর করে ইভিএম মেশিন ভেঙে দিয়েছিল। আমি জেতার পরেও। কম্পিউটারে নাম না-ওঠা পর্যন্ত কেউ জমি ছাড়বেন না। এখানেও অনেক কিছু করতে পারে।’
যে অনুপ্রবেশ ইস্যুতে বারবার কটাক্ষ করছে বিজেপি সেই প্রসঙ্গে এদিন ফের পাল্টা জবাব দিয়েছেন তৃণমূলনেত্রী। তিনি বলেন, ‘আমাদের জন্ম, কর্ম সব এখানে। আমাদের অনুপ্রবেশকারী বলছে! যারা ২০২৫-এ এসেছে, কেন্দ্রীয় সরকার লুকিয়ে নিয়ে এসেছে, তাদের সিএএ সার্টিফিকেট দিচ্ছে। আমি নিজে ভোটাধিকার বাঁচাতে সুপ্রিম কোর্টে গিয়েছিলাম।’ বিজেপিকে তীব্র কটাক্ষের সুরে মমতা বলেন, ‘বিজেপি রাজনৈতিক গিরগিটি। এলাকায় এলাকায় টাকা পাঠাচ্ছে। ওটা কালো টাকা। কেউ নেবেন না। নিলেও ভোট দেবেন না।’ সভায় উপস্থিত দর্শকদের উদ্দেশ্যে তৃণমূলনেত্রী বলেন, ‘বদল নয়, বদলা চাই। ভোটের বাক্সে বদলা চাই। গণতন্ত্রে বদলা চাই। খুনোখুনিতে আমরা বিশ্বাস করি না।’ জয়ের ব্যাপারে প্রত্যয়ী মমতার মন্তব্য, ‘প্রথম দিকে স্লো কাউন্টিং হবে। রটাবে বিজেপি জিতছে। সূর্যাস্তের আগে দেখবেন কোথাও ওরা জেতেনি। আগের বারের চেয়ে বেশি আসন আমরা পাব।’