উপনির্বাচনে দুই কেন্দ্রে প্রার্থী ঘোষণা বিজেপির, নন্দীগ্রামে প্রার্থী চন্দ্রনাথের মা
হাসিরানি রথের মনোনয়ন পেশের সময়ে উপস্থিত রয়েছেন শুভেন্দু অধিকারী
কলকাতা, ১৫ সেপ্টেম্বর- উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ার পর থেকেই জল্পনা তৈরি হয়েছিল। সেই জল্পনাকে সত্যি করেই এবার নন্দীগ্রাম কেন্দ্র থেকে প্রয়াত চন্দ্রনাথ রথের মা হাসি রানি রথকে প্রার্থী করলে বিজেপি। চন্দ্রনাথ ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক। আর নাম ঘোষণার পরেই হাসি রানি রথকে পাশে নিয়ে সভা করলেন শুভেন্দু। নন্দীগ্রামবাসীদের উদ্দেশ্য করে বললেন, ‘সকলের ছাদ-ভাত-কাজ আমার অঙ্গীকার।’ এই কেন্দ্রে যে বিজেপির জয় যে নিশ্চিত তাও বুঝিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। আবার রেজিনগরে পদ্মপ্রার্থী করা হয়েছে মুর্শিদাবাদের প্রাক্তন বিজেপি সভাপতি তথা দলের রাজ্য কমিটির সদস্য শাখারভ সরকারকে।
ছাব্বিশের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হয় ৪ মে, তার দু’দিন পরেই উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামের রাস্তায় এলোপাথাড়ি গুলি চালিয়ে খুন করা হয়েছিল শুভেন্দুর আপ্তসহায়ককে। গাড়িতে চালকের পাশের আসনে বসেছিলেন চন্দ্রনাথ। চালকও জখম হন গুলিতে। বাইকে করে এসে তাঁদের গুলি করে পালান আততায়ীরা। কিছু ক্ষণের মধ্যে চন্দ্রনাথদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু চিকিৎসকেরা শুভেন্দুর আপ্তসহায়ককে মৃত ঘোষণা করেন। প্রথমে এই হত্যাকাণ্ডের তদন্ত শুরু করেছিল রাজ্যের পুলিশ। বিশেষ তদন্তকারী দল (সিট)-ও গঠন করা হয়েছিল। পরে ওই হত্যাকাণ্ডের তদন্তভার যায় সিবিআই-এর হাতে। এদিন এ নিয়ে প্রশ্ন করা হলে শুভেন্দু বলেন, ‘পুলিশ ইতিমধ্যে সাতজনকে গ্রেফতার করেছে। রাজ্য সরকার এই তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দিয়েছে। এই ঘটনার পেছনে ভাইপো গ্যাংয়ের হাত রয়েছে। তদন্ত চলছে। এর থেকে বেশি কিছু বলব না।’
মঙ্গলবার নন্দীগ্রামে প্রার্থী হাসিরানি রথের সমর্থনে ‘বিজয় সংকল্প সভা’য় অংশ নিয়ে সুর চড়ান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘চন্দ্রকে যে নৃশংস ভাবে খুন করা হয়েছিল, তার একমাত্র কারণ ছিল সে বিরোধী দলনেতাকে সহযোগিতা করত। সেই অপরাধেই তাকে অকালে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু তার পরিবারের পাশে থাকা এবং অন্যায়ের বিচার সুনিশ্চিত করা আমাদের অঙ্গীকার।’ আগামী ৬ অক্টোবরের এই উপনির্বাচনে সংখ্যালঘু ভোটারদের প্রতিও বিশেষ বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘সরকারের সঙ্গে থাকার এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে হাতে হাত মিলিয়ে নিজের এলাকার কাজ করিয়ে নেওয়ার ঐতিহাসিক সুযোগ এসেছে। আশা করি নন্দীগ্রাম ও রেজিনগরের সংখ্যালঘু ভাইবোনরা এই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে উন্নয়নের সরকারের পাশেই দাঁড়াবেন।’
ইতিমধ্যে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবির প্রার্থী করেছে সঞ্চিতা প্রধান দে-কে। রেজিনগর কেন্দ্রে কালীঘাট তৃণমূলের প্রার্থী রবিউল আলম চৌধুরী। ঋতব্রত শিবির নন্দীগ্রাম আসনে প্রার্থী করেছে মহম্মদ এহেতাশ মুল হককে। রেজিনগরে তাদের প্রার্থী শেখ সফিউদ্দিন জামান। নন্দীগ্রামে সিপিআইয়ের টিকিটে লড়বেন শান্তিগোপাল গিরি। রেজিনগর আসনে লড়বেন সিপিএমের সইদ আসাদ আলি।