অভিষেকের দুয়ারে সিআইডি, নিজের হাতেই নোটিস নিলেন সাংসদ
কলকাতা, ৩০ মে– ছাব্বিশের নির্বাচনের ভরাডুবির পর শনিবার প্রথমবার পথে নামার কর্মসূচি নিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর সেই কর্মসূচী শুরুর আগেই অভিষেকের হরিশ মুখার্জি রোডের বাড়িতে পৌঁছে গেলেন সিআইডি-র আধিকারিকরা। ১৮৮এ-র শান্তিনিকেতন নামের বাড়িতে গিয়ে অভিষেকের দেখা পাননি আধিকারিকরা। সেখানে কর্তব্যরত কর্মীরা জানান, অভিষেকে সেখানে নেই। তার সঙ্গে দেখা করতে হলে কালীঘাটের বাড়িতে যেতে হবে। সেইমতো সিআইডির আধিকারিকা কালীঘাটের বাড়িতে গেলে সেখানে তাদের সঙ্গে দেখা করেন অভিষেক। তাদের কাছ থেকে নিজেই নোটিস নেন।
সূত্রের খবর, সোমবার ভবানী ভবনে অভিষেককে তলব করেছে সিআইডি। এই নোটিস হাতে পাওয়ার পরে অভিষেক বলেন, ‘ওঁরা একটা নোটিস নিয়ে এসেছেন। আমি সেটা নিয়েছি। এখনও সেটা পড়িনি। আমার আইনজীবীর সঙ্গে কথা বলব। কোথাও সহযোগিতার জন্য ডাকলে যাব। আমার লুকোনোর কিছু নেই। আমাকে এর আগেও যখন ইডি বা সিবিআই ডেকেছে, সহযোগিতা করেছি। লড়াইয়ের ময়দান থেকে সরব না।’ তিনি আরও বলেন, ‘এগুলোর নেপথ্যে রাজনৈতিক স্বার্থ রয়েছে। ক্ষমতার অপব্যবহার করা হচ্ছে। যারা এটা করে, তারা বেশি দিন ক্ষমতায় টেকে না। অশান্তি সৃষ্টির চেষ্টা চলছে। এ ভাবে আমার মাথা নত করা যাবে না।’ তৃণমূল সাংসদ নিজে আজ দাবি করেন, ‘আমি শান্তিনিকেতনে থাকি না। আমার সঙ্গে দেখা করতে হলে এই বাড়িতে আসতে হবে। কেন সিআইডি এসেছে, সেটা তারাই জানে।’ এর আগে কলকাতা পুরসভার তরফে বেআইনি নির্মাণ সংক্রান্ত নোটিস পাঠানো হয়েছে অভিষেককে। সেই নোটিস নিয়ে তিনি আদালতে মামলা করবেন বলেও জানিয়ে দিয়েছেন। অভিষেক বলেন, ‘সিআইডি কী? আমি এদের ইডি-সিবিআইয়ের সামনেও মাথা নত করিনি। এদের ১০ পুরুষও যদি চায় আমাকে সিআইডি দিয়ে, কেএমসি দিয়ে, ইডি দিয়ে, বাড়ি ভেঙে— যা ইচ্ছা করে নিক। আমি দমার ছেলে নই। দিল্লির কাছে মাথা নত করার আগে আমার মৃত্যু ভাল।’ তিনি আগামীদিনে আইনের পথে চলবেন বলেও জানিয়ে দিয়েছেন ডায়মন্ড হারবারের সাংসদ।