মঙ্গলবার | ২৬ মে ২০২৬

ক্ষেপনাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র লক্ষ্য করে ইরানে ফের হামলা আমেরিকার

 ক্ষেপনাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র লক্ষ্য করে ইরানে ফের হামলা আমেরিকার

তেহরান, ২৬ মে : ইরানে ফের হামলা চালাল মার্কিন সেনা। সোমবার রাতে দক্ষিণ ইরানে হরমুজ় প্রণালী সংলগ্ন এলাকায় হামলা করে আমেরিকার সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড। মার্কিন বাহিনীর দাবি, আত্মরক্ষার জন্য এই হামলা চালিয়েছে তারা। যদিও দক্ষিণ ইরানের কোন এলাকায় হামলা হয়েছে, তা মার্কিন সেনার বিবৃতিতে স্পষ্ট নয়। তবে এই বিবৃতির কিছু আগেই দক্ষিণ ইরানে বন্দর আব্বাস শহরে বিস্ফোরণ হয়েছে।

            বেশ কিছুদিন আগে থেকেই আমেরিকা ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি চলছে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও জানিয়েছেন, অন্য কোনও পদক্ষেপ করার আগে কূটনৈতিক ভাবে সমস্যার সমাধান করার সবরকম পথ নেড়েচেড়ে দেখতে চান তিনি। তবে এরই মধ্যে সোমবার রাতে আমেরিকার তরফে এই হামলায় নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে।

দক্ষিণ ইরানে হরমুজ়ের ধারে বন্দর আব্বাস শহরটি তেহরানের কাছে কৌশলগত ভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইরানের নৌসেনা এবং বায়ুসেনার অন্যতম প্রধান ঘাঁটি রয়েছে এই শহরে। হরমুজ় সংলগ্ন এলাকায় বিস্ফোরণ প্রসঙ্গে সিএনএন-কে দেওয়া এক বিবৃতিতে মার্কিন বাহিনীর সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র টিমোথি হকিন্স বলেন, “ইরানি বাহিনীর থেকে আমাদের সেনাকে রক্ষা করার জন্য দক্ষিণ ইরানে আত্মরক্ষামূলক হামলা চালিয়েছে আমেরিকার বাহিনী। আমাদের নিশানা ছিল (ইরানের) ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র এবং (হরমুজ় প্রণালীতে) মাইন পাতার চেষ্টা করা কিছু ইরানি নৌকা।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *