বৃহস্পতিবার | ১৩ আগস্ট ২০২৬

নেতাজি সম্পর্কে কুমন্তব্যের জের! অনন্তের ‘বঙ্গবিভূষণ’ কেড়ে নিল সরকার

 নেতাজি সম্পর্কে কুমন্তব্যের জের! অনন্তের ‘বঙ্গবিভূষণ’ কেড়ে নিল সরকার

কলকাতা, ১৩ আগস্ট– নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে বিতর্কিত মন্তব্যের জেরে এবার বিজেপির সাংসদ নগেন্দ্র রায় ওরফে অনন্ত মহারাজের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিল রাজ্য সরকার। তৃণমূল জমানায় অনন্তকে যে বঙ্গবিভূষণ সম্মান দেওয়া হয়েছিল তা এবার কেড়ে নিল বাংলার বিজেপি সরকার। বৃহস্পতিবারই নবান্ন থেকে বিজ্ঞপ্তি জারি করে এ কথা জানিয়ে দেওয়া হয়েছে। অনন্ত আর নিজেকে ‘বঙ্গবিভূষণ’ বলতে পারবেন না।

            সাম্প্রতিককালে সমাজমাধ্যমে নেতাজিক সম্পর্কে কয়েকটি বিরূপ মন্তব্য সামনে আসে। তা নিয়ে তোলপাড় শুরু হয় রাজ্য রাজনীতিতে। বিরোধী দাবি করে, নেতাজি সম্পর্কে এমন কুরুচিকর মন্তব্য করার পরেও কেন সরকার কোনও পদক্ষেপ করছে না। বুধবার নবান্ন থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দেন, নেতাজি সম্পর্কে কেউ কোনও বিরূপ মন্তব্য করলে তা বরদাস্ত করা হবে না। মুখ্যমন্ত্রীর সেই মন্তব্যের পরেই অ্যাকশনে নেমেছে পুলিশ। দায়ের হল ছয়টি এফআইআর। বৃহস্পতিবার একজনকে গ্রেফতারও করা হয়েছে। ধৃতের নাম কিরণকুমার দাস। অভিযোগ, সমাজ মাধ্যমে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে আপত্তিকর মন্তব্য পোস্ট করেছিলেন তিনি। শুধু তাই নয়, সমাজ মাধ্যমে নেতাজিকে নিয়ে অবমাননাকর ১০৮টি পোস্ট সরানো হয়েছে বলেও খবর।

            সরকার এবার অনন্ত মহারাজের বিরুদ্ধেও কড়া অবস্থান নিল। বুধবার মুখ্যমন্ত্রী বলেছিলেন, নেতাজিকে অপমান করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলে কোনও রকম ছাড় দেওয়া হবে না। প্রয়োজনে গ্রেফতারিও হতে পারে। একই সঙ্গে তিনি জানান, এই ধরনের পোস্টের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইতিমধ্যেই সাইবার সেলকে নির্দেশ দেওয়া হয়েছে। তবে সরকারের এই অবস্থানের পরেও সুর নরম করেননি অনন্ত মহারাজ। তার সাফাই, ‘আমি কাউকে নিয়ে খারাপ কিছু বলিনি। আমি শুধু ঐতিহাসিক কিছু তত্ত্ব সকলের সামনে তুলে ধরেছি। যে সময়ের কথা বলা হচ্ছে, সেই সময় তো আর আমার জন্ম হয়নি!’ এখানেই থামেননি অনন্ত, তার সংযোজন,  ‘মুখ্যমন্ত্রী প্রশাসনিকভাবে কী বলেছেন বা না বলেছেন, সেটা সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত বিষয়। কিন্তু আমি নিজের মুখ থেকে কোনও মিথ্যা কথা বা মনগড়া রূপকথা বানিয়ে বলিনি। কারও নামে মিথ্যা বদনামও ছড়াইনি। যেটা ইতিহাস বইয়ের পাতায় রয়েছে, সেটাই সাধারণ মানুষের সামনে বলেছি। আমি তো কাউকে কোনও গালাগালি দিইনি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *