বুধবার | ১৫ জুলাই ২০২৬

আসতে চলেছে নতুন বিল, ১০০ শতাংশ শুল্ক চাপতে পারে ভারতের ওপর

 আসতে চলেছে নতুন বিল, ১০০ শতাংশ শুল্ক চাপতে পারে ভারতের ওপর

ওয়াশিংটন, ১৫ জুলাই : ফের কী শুল্কযুদ্ধে অবতীর্ণ হবে আমেরিকা? ভারতের ওপর ফের চাপতে পারে বাড়তি শুল্ক? মার্কিন সেনেটরদের একটি দলের তরফে যে প্রস্তাব এসেছে তাতে এই প্রশ্নকেই নতুন করে উস্কে দিয়েছে। আসলে এই দলটি নতুন একটি নিষেধাজ্ঞা বিল আনার কথা বলেছে। সেই বিলে রাশিয়া থেকে তেল কেনার জন্য ভারত, চিন-সহ পাঁচটি দেশের উপর ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের প্রস্তাব দেওয়া হয়েছে। হোয়াইট হাউসও নতুন বিলটি সমর্থন করেছে। অগস্ট মাসের আগে নয়া মার্কিন বিল পাস হতে পারে।

            নতুন বিল সম্পর্কে মার্কিন সেনেটর রিচার্ড ব্লুমেনথাল বলেন, ‘রাশিয়া থেকে তেল ক্রয়কারী প্রধান পাঁচটি দেশের উপর সুনির্দিষ্ট শুল্ক আরোপ করা হয়েছে। শুল্কের পরিমাণ সর্বোচ্চ ১০০ শতাংশ হতে পারে। তবে এ ক্ষেত্রে কিছু ছাড়ও রয়েছে।’ ভারত, চিন ছাড়াও স্লোভাকিয়া, হাঙ্গেরি এবং আজ়েরবাইজানের উপর নতুন হারে শুল্ক আরোপের ভাবনাচিন্তা চলছে আমেরিকার অন্দরে। শুধু তেল ক্রয়কারী দেশ নয়, যারা রাশিয়া থেকে প্রাকৃতিক গ্যাস কিনছে তাদের বিরুদ্ধেও পদক্ষেপের কথা রয়েছে নয়া বিলে।

            মার্কিন সেনেট সূত্রে খবর, নয়া সংশোধনী বিলে ২৬ জন প্রস্তাব করেছেন। আগামী দিনে সেই সংখ্যা আরও বাড়তে পারে। মার্কিন কংগ্রেসে বিলটি পাশ করানোর ব্যাপারে আশাবাদী সেনেটরদের একাংশ। শুল্কনীতি নিয়ে আগেই আদালতে ধাক্কা খেয়েছিল ট্রাম্পের প্রশাসন। সে দেশের সর্বোচ্চ আদালত জানিয়ে দিয়েছিল, জাতীয় জরুরি অবস্থার জন্য ব্যবহৃত আইন প্রয়োগ করে বিভিন্ন দেশের উপর ট্রাম্প যে আমদানি শুল্ক চাপিয়েছিলেন, তা বেআইনি। সেই আবহে ফের নতুন বিল নিয়ে আসার কথা ভাবছে আমেরিকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *