বুধবার | ২৫ নভেম্বর ২০২৬

‘মুসলিম অনুপ্রবেশকারীরা যে রাস্তা দিয়ে এসেছে, সেখান দিয়েই বার করতে হবে’, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

 ‘মুসলিম অনুপ্রবেশকারীরা যে রাস্তা দিয়ে এসেছে, সেখান দিয়েই বার করতে হবে’, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

কোচবিহার, ২৫ নভেম্বর- অবৈধ অনুপ্রবেশকারী রুখতে ফের কড়া বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। বুধবার কোচবিহারের এমজেএন স্টেডিয়ামে রাসমেলার উদ্বোধন মঞ্চ থেকে  পুলিশ সুপার মণীশ যোশীকে এ নিয়ে সরাসরি নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। তিনি স্পষ্টভাবে জানান, বাংলাদেশ থেকে অবৈধ ভাবে রাজ্যে ঢোকা বাংলাদেশি মুসলমানদের খুঁজে খুঁজে বার করতে হবে।

            বুধবার রাসমেলা উপলক্ষ্যে কোচবিহারে যান মুখ্যমন্ত্রী। তিনি সেখানেই জানান, যে হিন্দু ধর্মাবলম্বীরা বাংলাদেশ থেকে এ দেশে আসছেন তারা অনুপ্রবেশকারী নন, শরনার্থী। কিন্তু মুসলমান অনুপ্রবেশকারীদের এই দেশে কোনো স্থান নেই। তাদেরকে নিজেদের দেশে ফিরতেই হবে। মুখ্যমন্ত্রী বলেন, ‘এই জেলায় বাংলাদেশ থেকে অবৈধ মুসলিম অনুপ্রবেশকারীদের খুঁজে খুঁজে বের করতে হবে। যে রাস্তা দিয়ে এসেছে, ওই রাস্তা দিয়ে বের করে দিতে হবে। তাড়াতে হবে। যারা ধর্ম বাঁচাতে এসেছেন, প্রাণ বাঁচাতে এসেছেন তারা অনুপ্রবেশকারী নন। শরণার্থী। তাদের বাঁচাতে হবে। আশ্রয় দিতে হবে।’ সীমান্ত এলাকা নিয়ে মুখ্যমন্ত্রীর পরিকল্পনা, “বর্ডার এলাকায় অবৈধ মাদ্রাসা, গাঁজা, নকল নোট, মাদক পাচার বন্ধ করতে হবে।” সীমান্ত এলাকায় সর্বোচ্চ সুরক্ষা সুনিশ্চিত করার জন্য বিএসএফ এবং পুলিশকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার বার্তা দেন শুভেন্দু। তিনি জানান, বিএসএফ-কে প্রয়োজনীয় জমি দেওয়া হয়ে গিয়েছে। ফেন্সিং হয়ে গেলে সমস্ত রকম চোরাচালান একেবারে বন্ধ করতে হবে। তিনি পুলিশকে বলেন, ‘সীমান্তে অবৈধ মাদ্রাসা, গাঁজার চাষ, ফেক কারেন্সি (জালনোট), মাদক পাচার বন্ধ করতে হবে।’

            বিরোধী দলনেতা থাকাকালীন তার ওপর এই কোচবিহারের খাগড়াবাড়িতে যে হামলা হয়েছিল সেই প্রসঙ্গও টেনে এনেছেন মুখ্যমন্ত্রী। ২০২৫ সালের ৮ আগস্ট খাগড়াবাড়িতে তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়কে ঘিরে কালো পতাকা দেখানো হয়। বিক্ষোভকারীদের অনেকের হাতে তৃণমূলের পতাকাও ছিল। শুভেন্দুর বুলেটপ্রুফ গাড়ির কাঁচ ভেঙে দেওয়ারও অভিযোগ ওঠে। সেই ঘটনা টেনে আজ মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি অনেক সহ্য করেছি। খাগড়াবাড়িতে আমার গাড়ির উপর হামলা হয়েছিল। ছবিগুলো আমার কাছে সব আছে। এবার উন্নয়নও হবে। হিসাবও হবে।’ বুধবার রাসমেলার উদ্বোধনী অনুষ্ঠান মঞ্চে ‘দুর্গাবাহিনী’কেও সম্মান জানান মুখ্যমন্ত্রী। কেউ মহিলাদের বিরুদ্ধে আঙুল তুললে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি দেন। বলেন, “যদি আমার একটি দিদি, বোন, কন্যার উপর আঙুল তোলে, তার আঙুলটা ভেঙে দিতে হবে।” এছাড়া  কোচবিহারের উন্নয়ন নিয়েও বার্তা দেন মুখ্যমন্ত্রী। কোচবিহারের ‘গ্রামকে নগর’ এবং ‘নগরকে মহানগর’ করার লক্ষ্যের কথাও বলেন।       

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *