বুধবার | ১৮ নভেম্বর ২০২৬

এবার বছরভর পুজো পাবেন কৃষ্ণনগরের চাষাপাড়া বুড়িমা

 এবার বছরভর পুজো পাবেন কৃষ্ণনগরের চাষাপাড়া বুড়িমা

মন্দিরে প্রতিষ্ঠিত হচ্ছে অষ্টধাতুর চরণযুগল

নিজস্ব সংবাদদাতা- পশ্চিমবঙ্গের নদিয়া জেলার কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজো বলতেই যে নামটি ভক্তদের মনে সবার আগে উঠে আসে, তা হল ঐতিহ্যবাহী চাষাপাড়া বুড়িমা। প্রতিবছর জগদ্ধাত্রী পুজোকে কেন্দ্র করে বুড়িমাকে দর্শন করতে ভিড় জমান লক্ষ লক্ষ ভক্ত। নদিয়া জেলা তো বটেই, পশ্চিমবঙ্গ ছাড়িয়ে ভিন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকেও অসংখ্য মানুষ ছুটে আসেন বুড়িমার কাছে পুজো দিতে। এতদিন পর্যন্ত মূলত জগদ্ধাত্রী পুজোর নির্দিষ্ট কয়েকটি দিনেই বুড়িমার কাছে পুজো দেওয়ার সুযোগ পেতেন ভক্তরা। তবে এবার সেই ব্যবস্থায় আসতে চলেছে বিশেষ পরিবর্তন। জগদ্ধাত্রী পুজোর মরশুমের অপেক্ষা নয়, এবার থেকে সারা বছরই চাষাপাড়া বুড়িমার মন্দিরে নিত্যপুজোর ব্যবস্থা চালু হতে চলেছে। আর এই উদ্যোগকে বাস্তবায়িত করতে মন্দিরে স্থাপন করা হচ্ছে অষ্টধাতুর তৈরি বুড়িমার চরণযুগল।
মন্দির কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, এতদিন ভক্তরা বুড়িমার কাঠামোর পাটার উপর ফুল ও বেলপাতা অর্পণ করে তাঁদের ভক্তি নিবেদন করতেন। কিন্তু প্রতিদিন অসংখ্য ভক্তের ফুল ও বেলপাতা দেওয়ার ফলে কাঠামোর পাটা নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হচ্ছিল। পাশাপাশি জগদ্ধাত্রী পুজোর নির্দিষ্ট দিনগুলির বাইরেও বছরের অন্যান্য সময়ে বহু ভক্ত বুড়িমার কাছে পুজো দেওয়ার ইচ্ছা প্রকাশ করতেন। ভক্তদের সেই আবেগ ও দীর্ঘদিনের ইচ্ছার কথা মাথায় রেখেই মন্দিরে অষ্টধাতুর চরণযুগল স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই চরণযুগল স্থাপিত হলে ভক্তদের আর পুজোর মরশুমের জন্য অপেক্ষা করতে হবে না। মন্দিরে স্থায়ীভাবে রাখা থাকবে অষ্টধাতুর তৈরি বুড়িমার চরণযুগল। সেখানেই ফুল-বেলপাতা অর্পণ করে সারা বছর পুজো দিতে পারবেন দর্শনার্থীরা। মন্দিরের পুরোহিত প্রতিদিন সকাল ও সন্ধ্যায় দু’বেলা নিত্যপুজো করবেন। ফলে জগদ্ধাত্রী পুজোর কয়েকটি দিনের বাইরেও নিয়মিত ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে ভক্তদের জন্য মন্দিরে পুজো দেওয়ার সুযোগ তৈরি হবে।
চাষাপাড়া বুড়িমা পুজো কমিটির সহ-সভাপতি দেবাশিস বন্দ্যোপাধ্যায় জানান, “এতদিন ধরে ভক্তরা বুড়িমার কাঠামোর পাটার উপর ফুল ও বেলপাতা অর্পণ করতেন। এতে পাটা নষ্ট হওয়ার সম্ভাবনা ছিল। সেই কারণে এবং বুড়িমার অসংখ্য ভক্তের কথা মাথায় রেখে এবার থেকে মন্দিরেদৈনন্দিন পুজোর ব্যবস্থা করা হচ্ছে। মন্দিরের পুরোহিত সকাল ও সন্ধ্যায় দু’বেলা নিত্যপুজো করবেন।”
তিনি আরও জানান, মন্দিরে প্রতিষ্ঠিত হতে চলা অষ্টধাতুর চরণযুগল সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে দান করেছেন এক ভক্ত। তাঁর পরিবারের সদস্যদের অনুপ্রেরণাতেই এই দানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিবারের স্ত্রী, ছেলে, বউমা, মেয়ে, জামাই, নাতি-নাতনি, বোন, ভগ্নীপতি, ভাগ্নি ও ভাগ্নি জামাই-সহ সকলের সহযোগিতা ও অনুপ্রেরণায় এই চরণযুগল দান করা হয়েছে। পুজো কমিটি সূত্রে জানা গিয়েছে, আগামী জগদ্ধাত্রী পুজোর দিনই আনুষ্ঠানিকভাবে মন্দিরে প্রতিষ্ঠা করা হবে অষ্টধাতুর তৈরি বুড়িমার চরণযুগল। সেই উপলক্ষে মন্দিরে বিশেষ ধর্মীয় আয়োজনও থাকবে বলে জানা গিয়েছে।
কৃষ্ণনগরের পুজোর ইতিহাস, ঐতিহ্য ও ধর্মীয় আবেগের সঙ্গে চাষাপাড়া বুড়িমার নাম দীর্ঘদিন ধরেই জড়িয়ে রয়েছে। প্রতিবছর পুজোর সময় বুড়িমাকে কেন্দ্র করে যে বিপুল ভক্তসমাগম হয়, তা কৃষ্ণনগরের অন্যতম পরিচিত ধর্মীয় আকর্ষণ। এবার অষ্টধাতুর চরণযুগল প্রতিষ্ঠা ও সারা বছর নিত্যপুজোর ব্যবস্থা চালুর মধ্য দিয়ে সেই ভক্তির পরিসর আরও বিস্তৃত হতে চলেছে। ফলে জগদ্ধাত্রী পুজোর মরশুমের বাইরেও বছরের প্রতিটি দিন বুড়িমার মন্দিরে এসে পুজো ও প্রার্থনা নিবেদন করতে পারবেন অসংখ্য ভক্ত। স্বাভাবিকভাবেই কর্তৃপক্ষের উদ্যোগে খুশি বুড়িমার ভক্ত ও অনুরাগীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *