মঙ্গলবার | ১৭ নভেম্বর ২০২৬

বিচারপতিদের সম্পর্কে অবমাননাকর মন্তব্য, অভিষেককে শো-কজ আদালতের

 বিচারপতিদের সম্পর্কে অবমাননাকর মন্তব্য, অভিষেককে শো-কজ আদালতের

কলকাতা, ১৭ নভেম্বর– বিচারপতিদের একাংশকে রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত করে দেখানোর অভিযোগে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শো-কজ করল কলকাতা হাইকোর্ট। পনেরো দিনের মধ্যে তাকে জবাব দিতে বলেছে আদালত। মঙ্গলবার বিকেলে দিল্লি থেকে ফিরে অভিষেক স্পষ্ট জানিয়ে দিলেন, বিচারব্যবস্থা কোনও রায় দিলে, তা নিয়ে প্রশ্ন করার অধিকার তার আছে। কারণ তিনি জনপ্রতিনিধি।

            সম্প্রতি এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বিচারবিভাগের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন অভিষেক। তা নিয়ে আগেই উষ্মাপ্রকাশ করেছিল আদালত। বিচারপতি কৃষ্ণ রাও এ প্রসঙ্গে গত বৃহস্পতিবার বলেছিলেন, কোন কোন বিচারপতি বিজেপির সঙ্গে রয়েছেন, তার তালিকা দিন অভিষেক। মঙ্গলবার বিচারপতি রাওয়ের পর্যবেক্ষণ, অভিষেকের ওই বক্তব্য ফৌজদারি আদালত অবমাননার শামিল। এর জন্য কেন তাকে সাজা দেবে না আদালত, তার জবাব দিতে বলা হয়েছে সাংসদকে।

মঙ্গলবার সকালেই হাইকোর্ট অভিষেককে শো-কজ করেছিল। বিকালে ডায়মন্ড হারবারের সাংসদ বলেন, “জুডিশিয়ারি যদি কনস্টিটিউশনাল অথরিটি হয়, তা হলে আমিও পাবলিক অথরিটি। বিচারব্যবস্থার রায় নিয়ে প্রশ্ন করার অধিকার আছে। দেশের সংবিধান এবং আমাকে নির্বাচিত করা নির্বাচকমণ্ডলী আমায় সেই অধিকার দিয়েছে।” অভিষেক দাবি করেন, তিনি কোনও বিচারপতি সম্পর্কে বলেননি। তিনি প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের উদাহরণ টেনে বলেন, উনিই বলেছিলেন বিচারপতি থাকালীন তার সঙ্গে বিজেপির যোগ ছিল। পরে তিনি বিজেপির সাংসদ হন। ডায়মন্ড হারবারের সাংসদের আরও দাবি, দেশের মুখ্য নির্বাচন জ্ঞানেশ কুমার সুপ্রিম কোর্টের নির্দেশ মানেননি। তার পরেও তার বিরুদ্ধে আবমাননার রুল জারি হয়নি। বিজেপি সাংসদ বিপ্লব দেব, নিশিকান্ত দুবেদের উদাহরণ দিয়ে বলেন, এঁরা প্রত্যেকেই বিচারব্যবস্থা নিয়ে নানা সময়ে বিবিধ মন্তব্য করেছেন, কিন্তু তাদের শো-কজ করা হয়নি। এখানেই বিচারব্যবস্থার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন অভিষেক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *