সোমবার | ০৯ নভেম্বর ২০২৬

ফের এনকাউন্টার রাজ্যে, রায়গঞ্জে পুলিশ গুলিতে নিহত ধর্ষণ-খুনে অভিযুক্ত

 ফের এনকাউন্টার রাজ্যে, রায়গঞ্জে পুলিশ গুলিতে নিহত ধর্ষণ-খুনে অভিযুক্ত

কলকাতা, ৯ নভেম্বর- বারুইপুর-গাইঘাটার পরে এবার রায়গঞ্জ। নাবালিকাকে ধর্ষণ ও খুনের অভিযোগে মূল অভিযুক্ত দিলীপ রায়কে এনকাউন্টার করল পুলিশ। সোমবার বিহার সীমান্ত লাগোয়া এলাকায় পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হয় তাঁর, এমনটাই জানা গিয়েছে। সূত্রের খবর, অভিযুক্তের খোঁজ পেয়ে সেখানে অভিযান চালায় রায়গঞ্জ থানার একটি দল। পুলিশের দাবি, তাদের উপস্থিতি টের পেয়ে পুলিশকর্মীদের লক্ষ্য করে গুলি চালান দিলীপ। তখনই আত্মরক্ষার্থে গুলি চালায় পুলিশ। তাতেই গুলিবিদ্ধ হন অভিযুক্ত। পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

            গত ৫ নভেম্বর কুলিকের জঙ্গল থেকে উদ্ধার হয় এক নাবালিকার পচাগলা দেহ। তার আগে তিন দিন ধরে নিখোঁজ ছিল সে। নাবালিকাকে ধর্ষণ ও খুনের অভিযোগ ওঠে দিলীপ রায়ের বিরুদ্ধে। দেহ উদ্ধারের পর থেকেই অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ। তদন্তকারীদের অনুমান ছিল, পুলিশের হাত থেকে বাঁচতে এলাকা ছেড়ে পালানোর চেষ্টা করতে পারেন দিলীপ। পুলিশের দাবি, সোমবার ভোররাতে গৌরী গ্রাম পঞ্চায়েত সংলগ্ন এলাকায় দিলীপ গা ঢাকা দিয়ে রয়েছে বলে খবর আসে। গোপন সূত্রে সেই খবর পেয়ে বিহার সীমান্তের কাছে পৌঁছয় রায়গঞ্জ থানার পুলিশ। ভোর সাড়ে ৩টে নাগাদ সেখানে অভিযান চালানো হয়। পুলিশকর্মীদের দেখতে পেয়েই অভিযুক্ত গুলি চালান বলে অভিযোগ। এরপর পুলিশ পাল্টা গুলি চালালে গুলিবিদ্ধ হয় দিলীপ।

            রাজ্যে এই চতুর্থ এনকাউন্টারের পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, পুলিশকে আক্রমণ করলে তারা তো পাল্টা জবাব দেবেই। সোমবার পূর্ব মেদিনীপুরের দিঘায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ব্যবসায়ী সমিতি আয়োজিত কালীপুজোয় প্রতিমা দর্শনে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সকলকে উৎসবের শুভেচ্ছা জানিয়ে মুখ্যমন্ত্রী জানান, বিজেপিশাসিত অন্যান্য রাজ্যের মতো পশ্চিমবঙ্গেও আইনের শাসন প্রতিষ্ঠা করেছে তার সরকার। মুখ্যমন্ত্রীর মন্তব্য, ‘দু’-তিনটি ক্ষেত্রে পুলিশকে ছাড় দেওয়া আছে। সে জন্য সুপিরিয়রের অনুমতিও নিতে হবে না। ধর্ষক-খুনি, নেশাজাত দ্রব্য পাচারকারী এবং বাংলাদেশি অনুপ্রবেশকারীর ক্ষেত্রে একদম জ়িরো টলারেন্স।’ তবে এভাবে কোনো বিচারপ্রক্রিয়ার আগেই পুলিশের এনকাউন্টারের তীব্র সমালোচনা করেছে বিরোধী তৃণমূল, সিপিএম নেতৃত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *