ইরান-আমেরিকার যুদ্ধে কী এবার ইতি পড়বে, ট্রাম্পের মন্তব্যে জল্পনা
ওয়াশিংটন, ৩১ অক্টোবর : ইরান আর আমেরিকার মধ্যে লাগাতার যুদ্ধ কী এবার শেষ হতে চলেছে? মার্কিন প্রেসিডেন্টের একটি মন্তব্যের পরেই এই জল্পনা সামনে এসেছে। এই যুদ্ধ শীঘ্রই শেষ হবে বলে জানিয়েছেন ট্রাম্প। কিন্তু কীভাবে এবং কবে তা শেষ হবে তা নিয়ে কিছু বলেননি মার্কিন প্রেসিডেন্ট।
কানসাস সিটির রেডিয়ো স্টেশন কেসিএমও-কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্পের কণ্ঠে শোনা যায় ইরান যুদ্ধের প্রসঙ্গ। তিনি বলেন, ‘খুব শীঘ্রই যুদ্ধ বন্ধ হবে।’ তার পরেই মার্কিন প্রেসিডেন্টের সংযোজন, ‘পারমাণবিক অস্ত্র কখনওই তৈরি হবে না, আমাদের তেমন একটা নিশ্চয়তার প্রয়োজন রয়েছে।’ একই সঙ্গে পুনর্ব্যক্ত করেন, আমেরিকায় আসন্ন নির্বাচনের আগে মার্কিন বাহিনী আর ইরানের উপর হামলা চালাবে না।
আগামী ৩ নভেম্বর আমেরিকার মধ্যবর্তী নির্বাচন। সেই নির্বাচনের ফলাফলের উপর নির্ভর করছে, মার্কিন কংগ্রেসে ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির আধিপত্য থাকবে কি না। ইরান আক্রমণের পর পশ্চিম এশিয়ায় যে যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে, তা নিয়ে আমেরিকার অন্দরে সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ রয়েছে। দিন দিন নিত্যপ্রয়োজনীয় জিনিসের দামও বাড়ছে। ট্রাম্পের যুদ্ধনীতিতে তাই অনেকেই অখুশি। তবে ট্রাম্পের সিদ্ধান্তে খুশিও অনেকে। সেই পরিস্থিতিতে জনমত বোঝার জন্য মধ্যবর্তী নির্বাচনকে পাখির চোখ হিসেবে দেখছেন ট্রাম্প।
তেহরানের সঙ্গে আবার শান্তি আলোচনায় বসার ইচ্ছা প্রকাশও করেছে ওয়াশিংটন। নতুন করে শান্তি আলোচনা শুরু করতে চেয়ে ইতিমধ্যেই ইরানকে চিঠি দিয়েছে আমেরিকা। ট্রাম্পের নির্দেশে ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহসেন রেজাইকে ওই চিঠি পাঠিয়েছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স।