রাস্তায় রং করা নিয়ে বিড়ম্বনা সরকারের, সমস্য়া মেটাতে তৎপরতা প্রশাসনে
কলকাতা, ১৫ অক্টোবর– পুজোর আগে শহর সাজাতে গিয়ে চরম বিড়ম্বনা রাজ্য প্রশাসনের। বুধবার চিংড়িহাটা উড়ালপুলে বৃষ্টির মধ্যে রঙিন রাস্তার উপর বাইক পিছলে দুর্ঘটনার কবলে পড়েন তিনজন। সেই মুহূর্তের ভিডিও শেয়ার করে মমতা তৃণমূল। তা ভাইরাল হতেই তৈরি হয় বিতর্ক। রং নিয়ে আপত্তি জোরালো হয়। এবার বৃহস্পতিবার সকাল থেকে এই উড়ালপুলে বসানো হচ্ছে স্পিডব্রেকার। গড়িয়াহাট উড়ালপুল থেকে উঠছে সেই রামধনু রং। একইসঙ্গে সতর্কতামূলক পদক্ষেপ করেছে পুরমন্ত্রীর আসানসোলও। শহরের শহিদ ভগৎ সিং মোড়ের কাছে সৌন্দর্যায়নের জন্য সদ্য রং করা রাস্তার অংশও মুছে ফেলা হচ্ছে।
বুধবার শহরে যখন ঝমঝমিয়ে বৃষ্টি নামে তার পরেই চিংড়িহাটা উড়ালপুলে বাইক পড়ে যাওয়ার ঘটনাটি সামনে আসে। শুরু হয় বিতর্ক। সোশ্যাল মিডিয়ায় অনেকেই দাবি করতে থাকেন, ব্রিজের রাস্তায় অয়েল পেইন্ট লাগানো হয়েছে। পরে পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল সেই দাবি খারিজ করে জানিয়ে দেন, ওখানে অয়েল পেইন্ট ব্যবহার করা হয়নি। ব্যবহার করা হয়েছে অ্যান্টি স্কিড পেইন্ট। জানান, উড়ালপুলের দেওয়ালে কালো-হলুদ রং করা রয়েছে। সেটা অয়েল পেইন্ট। সেখান থেকে কোনও বিপত্তি হয়েছে কিনা, তা দেখতে হবে। বুধবারই পুরমন্ত্রী জানিয়ে দেন, যদি দেখা যায় রং থেকে কারও সমস্যা হচ্ছে, তাহলে তা তুলে দেওয়ার ব্যবস্থা করা হবে।
বৃহস্পতিবার সকালে রং তোলার কাজ শুরু হয়। তৃণমূল নেতা কুণাল ঘোষের পোস্ট করা একটি ভিডিওতেও সেটি জানা যায়। পুরসভার একটি অত্যাধুনিক গাড়ি দিয়ে গড়িয়াহাট উড়ালপুলের উপর থেকে রং ঘষে তোলা হচ্ছে।