কুণাল ঘোষের গাড়ি ঘিরে ধরে ডিম-পাথর, ‘গণতন্ত্রে অশনিসংকেত’ বললেন মমতা
শ্রীরামপুর, ২৬ সেপ্টেম্বর- শ্রীরামপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় যোগ দিতে যাওয়ার সময় বিধায়ক কুণাল ঘোষের গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল। আর সেই ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। অভিযোগ, পথে উত্তরপাড়ায় তাঁর গাড়ি আটকে ভাঙচুর করা হয়েছে। পাথর, রড দিয়ে হামলার পাশাপাশি, ডিমও ছোড়া হয়েছে। কুণাল জানান, মমতার সভায় যাতে তিনি যেতে না পারেন, তাই এ সব করা হয়েছে। বিধায়কের হুঁশিয়ারি, এ সব করে তাকে থামানো যাবে না। তার পরেই গাড়ি ঘুরিয়ে সটান ভবানী ভবনে চলে যান কুণাল। তাঁকে সেখানে ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ। কুণাল ভবানী ভবনের ফটকের বাইরে দাঁড়িয়ে জানান, তিনি অভিযোগ করতে যাননি। হামলা সংক্রান্ত ঘটনায় অভিযোগ তিনি উত্তরপাড়া থানায় মেল করে জানিয়েছেন। রাজ্য পুলিশের সদর দফতর ভবানী ভবনে কেবল নিজের গাড়ির অবস্থা দেখাতে গিয়েছেন। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগও তুলেছেন তিনি। ঘটনার বর্ণনা দিতে গিয়ে কুণাল বলেন, ‘’
সভার উদ্দেশে রওনা হওয়ার আগে বাড়ি থেকে বেরোনোর সময় ঘটনার নিন্দা করেছেন মমতা। তিনি দাবি করেছেন, ‘বিজেপির গুন্ডারা’ এ সব করেছে। এটা ‘গণতন্ত্রে অশনিসঙ্কেত’। বিজেপি সাংসদ রাহুল সিংহ জানিয়েছেন, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই এ সব ঘটেছে। এর সঙ্গে বিজেপির যোগ নেই। মমতার সভার তদারকির দায়িত্বে হুগলি জেলা মমতা তৃণমূলের আহ্বায়ক তথা প্রাক্তন বিধায়ক অসিত মজুমদার বলেন, ‘দিকে দিকে তৃণমূল কর্মীদের আটকানো হচ্ছে যাতে মমতার সভায় আসতে না পারেন। উত্তরপাড়ার সখের বাজার এলাকায় কুণাল ঘোষের উপর হামলা করা হয়েছে, তার উপর ডিম থেরাপি করা হয়েছে। এ ভাবে তৃণমূলকে আটকানো যাবে না।’