বৃহস্পতিবার | ১৭ সেপ্টেম্বর ২০২৬

ভারতের ওপর কী এবার ১০০ শতাংশ শুল্ক চাপাবে আমেরিকা, বল ট্রাম্পের কোর্টে

 ভারতের ওপর কী এবার ১০০ শতাংশ শুল্ক চাপাবে আমেরিকা, বল ট্রাম্পের কোর্টে

ওয়াশিংটন, ১৭ সেপ্টেম্বর : এর আগে একাধিকবার শুল্ক চাপানোর হুমকি দিতে শোনা গিয়েছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। এবার আর হুঁশিয়ারি নয়, রাশিয়া থেকে তেল কেনার জন্য ভারত এবং চিনের মতো দেশগুলির উপর শাস্তিমূলক পদক্ষেপও করতে পারবেন ট্রাম্প। বুধবার মার্কিন আইনসভা (কংগ্রেস)-র নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজ়েন্টিটিভসে এই মর্মে বিল পাস হল। এই বিলে বলা হয়েছে, যে দেশগুলি রাশিয়া এবং ইরান থেকে তেল আমদানি করে, তাদের বিরুদ্ধে ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করা যাবে। তবে শেষ সিদ্ধান্ত নেবেন ট্রাম্প।

            আমেরিকার প্রাক্তন রিপাবলিকান সেনেটর লিন্ডসে গ্রাহামের নামাঙ্কিত এই বিল (লিন্ডসে ও গ্রাহাম স্যাংশনিং রাশিয়া অ্যান্ড ইরান অ্যাক্ট অফ ২০২৬) গত মাসেই মার্কিন আইনসভার উচ্চকক্ষ সেনেটে পাস করানো হয়েছিল। বিলের পক্ষে ভোট দিয়েছিলেন ৮৬ জন। আর বিপক্ষে ১১ জন। বুধবার এই বিল পেশ করা হয় নিম্নকক্ষে। সেখানে বিলের পক্ষে ভোট পড়ে ২৬২টি। আর বিপক্ষে ১৫৯টি। ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির অধিকাংশ সদস্য তো বটেই, বিরোধী ডেমোক্রেটিক পার্টির বেশ কয়েকজনও বিলের পক্ষে ভোট দেন।

            অভ্যন্তরীণ তেলের বিপুল চাহিদা মেটাতে ভারত অনেকটাই রাশিয়ার অশোধিত তেলের উপর নির্ভরশীল। তেলবাহী জাহাজের আনাগোনার পরিসংখ্যান বিশ্লেষণ করে ‘কেপলার’ জানিয়েছে, অগস্ট মাসে ভারত প্রতি দিন ২১ লক্ষ ব্যারেল অশোধিত তেল রাশিয়া থেকে আমদানি করেছে। ভারতে আমদানিকৃত তেলের ৪৫ শতাংশই আসে রাশিয়া থেকে। পশ্চিম এশিয়ায় যুদ্ধের আবহে এ ক্ষেত্রে নয়াদিল্লির রুশ নির্ভরতা আরও কিছুটা বেড়েছে। শেষ দু’মাসের পরিসংখ্যান অনুযায়ী, আমদানি করা তেলের পরিমাণের নিরিখে ৫০ শতাংশ রাশিয়া থেকে আনিয়েছে ভারত।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *