সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬

ব্রিকসে আশার আলোর পরেও ধাক্কা, পিছিয়ে গেল উপসাগরীয় দেশগুলির বৈঠক

 ব্রিকসে আশার আলোর পরেও ধাক্কা, পিছিয়ে গেল উপসাগরীয় দেশগুলির বৈঠক

ওমান, ১৪ সেপ্টেম্বর : সোমবার ইরানের সঙ্গে আরব উপসাগরীয় দেশগুলির বৈঠক হচ্ছে না। অনির্দিষ্টকালের জন্য এই বৈঠক পিছিয়ে দেওয়া হলো। ওমান এবং ইরান যৌথভাবে বৈঠকটি পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সোমবার হরমুজ় প্রণালী দিয়ে পণ্যবাহী জাহাজ পরিবহণ এবং আন্তর্জাতিক ওই জলপথের নিয়ন্ত্রণ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আলোচনা হওয়ার কথা ছিল ওমানে। দেশটির বিদেশমন্ত্রী সইদ বদর আলবুসাইদি জানিয়ে দেন, সর্বসম্মত ঐকমত্যের স্বার্থে বৈঠকটি পিছিয়ে দেওয়া হয়েছে।

            নয়াদিল্লির ব্রিক্‌স সম্মেলনে এসে মুখোমুখি হয়েছিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজ়েশকিয়ান এবং সংযুক্ত আরব আমিরশাহির প্রতিনিধি আবু ধাবির যুবরাজ শেখ খালেদ বিন মহম্মদ বিন জ়ায়েদ আল নাহয়ান। গত ছ’মাস ধরে সংঘাত চলছে এই দুই দেশের মধ্যে। ব্রিক্‌সের মঞ্চ তাঁদের সাক্ষাৎ এবং পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে যৌথ বিবৃতিতে অনেকে আশার আলো দেখেছিলেন। এরই মধ্যে সোমবারের বৈঠক পিছিয়ে যাওয়ায় পশ্চিম এশিয়ায় ফের অনিশ্চয়তা তৈরি হলো।

            ইরানের বিদেশ মন্ত্রকের আধিকারিকদের উদ্ধৃত করে সে দেশের সংবাদসংস্থা জানিয়েছে, আঞ্চলিক কিছু দেশের অনুরোধে সোমবারের বৈঠকটি পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওমানের সঙ্গে আলোচনা করে বৈঠকের পরবর্তী দিন স্থির করা হবে।    

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *