সোমবার | ৩১ আগস্ট ২০২৬

জন্মাষ্টমী উপলক্ষে ইস্কনের উদ্যোগে ‘রান ফর কৃষ্ণ’ ম্যারাথন

 জন্মাষ্টমী উপলক্ষে ইস্কনের উদ্যোগে ‘রান ফর কৃষ্ণ’ ম্যারাথন

কলকাতা, ৩১ আগস্ট : কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে রবিবার ইস্কন নিউটাউনের উদ্যোগে এক অভিনব কর্মসূচির আয়োজন করা হলো। ‘রান ফর কৃষ্ণ’ নামের এক ম্যারাথনে পা মেলালেন বহু মানুষ। ১০ কিলোমিটার, ৫ কিলোমিটার ও ৩ কিলোমিটার—এই তিনটি বিভাগে প্রায় ৮০০ জন অংশগ্রহণকারী অংশ নেন। ১০ কিলোমিটার দৌড় শুরু হয় সকাল ৬টায় এবং ৫ কিলোমিটার দৌড় শুরু হয় সকাল ৬টা ১৫ মিনিটে। কলকাতা ও শহরতলি ছাড়াও বিভিন্ন জেলা এবং উত্তরবঙ্গের দূরবর্তী অঞ্চল থেকে বহু মানুষ এই বিশেষ ম্যারাথনে অংশগ্রহণ করেন।
রেজিস্ট্রেশন তালিকা অনুযায়ী, দার্জিলিং থেকেও দু’জন অংশগ্রহণকারী রেজিস্ট্রেশন করেছিলেন এবং উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকেও বহু মানুষ এই ম্যারাথনে অংশ নিতে এসেছিলেন। অভিনব এই কর্মসূচিকে কেন্দ্র করে অংশগ্রহণকারীদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জজ কোর্টের সিভিল জজ শ্রুতি সিং।
কেন ‘রান ফর কৃষ্ণ’? এর ব্যাখ্যা হিসেবে ইস্কনের পক্ষ থেকে জানানো হয়, “আমরা সারা জীবন, সারা বছর, প্রতিদিন নিজেদের ইচ্ছা, লোভ, মোহ, স্বার্থ এবং ইন্দ্রিয়তৃপ্তির পিছনে ছুটে চলি। কিন্তু প্রশ্ন হলো—বছরের অন্তত একটি দিন আমরা ভগবান শ্রীকৃষ্ণের জন্য ছুটব না কেন? তার কারণ ভগবান শ্রীকৃষ্ণের জন্য দৌড়ানোর মধ্যে যে আনন্দ, যে আধ্যাত্মিক অনুভূতি এবং যে নতুন উপলব্ধির অভিজ্ঞতা রয়েছে, তা প্রত্যেক মানুষকে একবার অনুভব করার সুযোগ দেওয়াই এই ‘রান ফর কৃষ্ণ’-এর মূল উদ্দেশ্য।”
আর সেই বিশেষ কর্মসূচিতে বিপুল সংখ্যক মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, আনন্দ ও উৎসাহ এই উদ্যোগকে স্মরণীয় করে তোলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *