নিউটাউনে যাত্রা শুরু করল এলঅ্যান্ডটির ‘আনন্দ নিকেতন’, ভিনরাজ্যে যাওয়া তরুণদের ফিরে আসার আহ্বান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
কলকাতা, ২৭ আগস্ট- তথ্যপ্রযুক্তি শিল্পে এবার বাংলায় নতুন অধ্যায়ের সূচনা। বৃহস্পতিবার নিউটাউনে লার্সেন অ্যান্ড টুব্রো মাইন্ডট্রি-র নতুন তথ্যপ্রযুক্তি অফিস উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর সেই অনুষ্ঠানের মঞ্চ থেকেই এবার কর্মসূত্রে ভিনরাজ্যে যাওয়া বাংলার যুবক-যুবতীদের রাজ্যে ফিরে আসার আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী।
শুভেন্দু অধিকারীর দাবি, পশ্চিমবঙ্গের ডাবল ইঞ্জিন সরকার শিল্প ও কর্মসংস্থানের নতুন পরিবেশ তৈরি করছে। ফলে আগামী দিনে চাকরি বা কাজের জন্য আর রাজ্যের যুবসমাজকে বাংলার বাইরে যেতে হবে না। তিনি বলেন, ‘পশ্চিমবঙ্গকে নতুন করে তৈরি করাই আমাদের লক্ষ্য। চাকরি না পেয়ে রাজ্যের যুবসমাজকে আর বাইরে যেতে হবে না।’ যেসব দক্ষ ও মেধাবী রাজ্যবাসী বাংলা ছেড়ে বেঙ্গালুরু, হায়দরাবাদ বা অন্য কোনও দেশে চলে গিয়েছেন তাদের রাজ্যে ফেরার বার্তা দেন শুভেন্দু। তার কথায়, ‘দয়া করে ফিরে আসুন। এখানে ডবল ইঞ্জিন সরকার প্রতিষ্ঠা হয়েছে।’
পূর্বতন তৃণমূল সরকারকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন, ‘রাজ্যে দক্ষতা সম্পন্ন কর্মীর কোনও অভাব নেই। আগের সরকার যোগ্যদের সম্মান দিতে পারেনি। কিন্তু এখন পরিস্থিতি বদলেছে। যুব সমাজকে আর রাজ্য ছাড়তে হবে না। বাংলার পুনর্গঠনে ডবল ইঞ্জিন সরকার প্রতিশ্রুতিবদ্ধ। আশা করি পশ্চিমবঙ্গে আরও বিনিয়োগ হবে। পশ্চিমবঙ্গকে নতুন করে গড়ে তোলাই আমাদের লক্ষ্য।’ প্রায় ৭ লক্ষ ৪৮ হাজার বর্গফুটের বিশাল জায়গা জুড়ে তৈরি হয়েছে ‘আনন্দ নিকেতন’ নামের এই ক্যাম্পাস। দুটি আধুনিক টাওয়ারে প্রায় ৫ হাজার ৮০০ জন কর্মী একসঙ্গে কাজ করার সুযোগ পাবেন। কৃত্রিম বুদ্ধিমত্তা, ক্লাউড ডেটা, সাইবার সিকিউরিটি, চিপ ডিজাইন এবং অটোমেশনের মতো উচ্চমানের প্রযুক্তিগত ক্ষেত্রে এটি এক নতুন নজির গড়বে বলে মনে করা হচ্ছে। মুখ্যমন্ত্রীর দাবি, এই ধরনের বড় শিল্প ও তথ্যপ্রযুক্তি প্রকল্প রাজ্যের কর্মসংস্থানের ছবিই বদলে দিতে পারে।
বাংলায় ডবল ইঞ্জিন সরকার প্রতিষ্ঠা হওয়ার পরেই ছোট ব্যবসা ও উদ্যোক্তাদের সহায়তার জন্য পিএম মুদ্রা যোজনা, পিএম বিশ্বকর্মা এবং পিএমইজিপি-র মতো প্রকল্পগুলিকে আরও শক্তিশালী করা হবে। মুখ্যমন্ত্রীর আশা, বাংলায় নতুন কাজের সুযোগ তৈরি হলে কাজের খোঁজে আর বাংলার ছেলেমেয়েদের বাড়ি ছেড়ে ভিনরাজ্যে পাড়ি দিতে হবে না এবং যারা ভিনরাজ্যে গিয়েছেন তারাও বাংলায় ফিরে এসে কাজের সুযোগ পাবেন। নিউটাউনের এই অনুষ্ঠানে হাজির ছিলেন লারসেন অ্যান্ড টুব্রোর চেয়ারম্যান অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর এস এন সুব্রামানিয়ান।