জর্ডনে হামলার প্রত্যাঘাত, ইরানি সেনার ঘাঁটিতে লাগাতার আক্রমণ আমেরিকার
পেন্টাগন, ৩০ জুলাই : জর্ডনে মার্কিন ঘাঁটিতে হামলার পরেই হুঁশিয়ারি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই হুঁশিয়ারির কয়েকঘণ্টার মধ্যে ইরানের ওপর আক্রমণ চালাল আমেরিকা। বৃহস্পতিবার ভোরে ইরানের একের পর এক নিশানায় আক্রমণ চালাল পেন্টাগন। মার্কিন বাহিনীর দাবি, দু’ঘণ্টা ধরে চলেছে এই আক্রমণ। তাতে নিশানা করা হয়েছে ইরানের সামরিক ভাবে গুরুত্বপূর্ণ কয়েক ডজন সামরিক লক্ষ্যবস্তুতে। তবে এতে ইরানের কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও স্পষ্ট নয়।
বুধবার জর্ডনে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে একের পর এক ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। ওই হামলা অবশ্য প্রতিহত করার দাবি করে মার্কিন বাহিনী। আমেরিকার দাবি, তেহরানই তাদের বাহিনীর উপরে আকস্মিক হামলার চেষ্টা করেছে। হামলার বিষয়ে রাখঢাক করেনি ইরানও। তারা জানিয়ে দেয়, জর্ডনে মার্কিন ঘাঁটিতে হামলা করেছে ইরানি বাহিনীই। তারই পাল্টা আক্রমণ চালাল আমেরিকা।
জর্ডনে ওই হামলার নিন্দা করে ইরানকে তীব্র হুঁশিয়ারি দিয়েছিলেন ট্রাম্প। জানিয়ে দেন, জর্ডনে হামলার বদলা নেবে মার্কিন বাহিনী। ইরানের উপর জোরালো হামলার হুঙ্কার দেন ট্রাম্প। তার কয়েক ঘণ্টা পরেই ইরানে হামলা শুরু করে মার্কিন সেনা। পশ্চিম এশিয়ায় থাকা মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, বৃহস্পতিবার ভোরে দু’ঘণ্টা ধরে তারা এই অভিযান চালিয়েছে।