বুধবার | ২৯ জুলাই ২০২৬

অধিকৃত কাশ্মীরের বিক্ষোভকারীদের উদ্দেশ্যে এবার কড়া বার্তা পাক প্রতিরক্ষামন্ত্রীর

 অধিকৃত কাশ্মীরের বিক্ষোভকারীদের উদ্দেশ্যে এবার কড়া বার্তা পাক প্রতিরক্ষামন্ত্রীর

ইসলামাবাদ, ২৯ জুলাই : এক বছরেরও বেশি সময় ধরে পাক অধিকৃত কাশ্মীরে অস্বস্তি বেড়েছে। এবার সেখানকার বিক্ষোভকারীদের ‘শত্রু’ বলে আখ্যা দিলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ। অধিকৃত কাশ্মীরের প্রতিবাদীদের সঙ্গে যে সরকার কোনও আলোচনার পথে হাঁটবে না তাও স্পষ্ট করে দিয়েছেন তিনি। পাক প্রতিরক্ষামন্ত্রীর মন্তব্য, ‘আমি অধিকৃত কাশ্মীরের বিক্ষোভকারীদের এবং ভারতকে একই শ্রেণিতে রাখি এবং ভারতের মতোই শত্রু হিসেবে গণ্য করি।’

            নিজেদের অধিকারের দাবিকে সামনে রেখে বিগত এক বছর ধরে এই লড়াই চালিয়ে যাচ্ছেন পাক অধিকৃত কাশ্মীরের নাগরিক সমাজ। অর্থনৈতিক সঙ্কট, সাধারণ নাগরিকদের প্রতি বঞ্চনা, একের পর এক বিধিনিষেধ চাপানোর জেরে পাক-অধিকৃত কাশ্মীরে দীর্ঘদিন ধরেই ক্ষোভ জমছিল। তার উপরে স্থানীয় প্রশাসনের ব্যর্থতা এই বিক্ষোভকে আরও বাড়িয়ে তোলে। এরই মধ্যে ভোট শুরু হয়েছে অধিকৃত কাশ্মীরের। গত সোমবার প্রথম দফার ভোট ঘিরে ফের উত্তেজনা ছড়ায়। প্রতিবাদের উত্তাপ যেন ক্রমেই বাড়ছে এই এলাকায়।

            সোমবার এবং মঙ্গলবারের মধ্যে নিরাপত্তাবাহিনীর গুলিতে অন্তত ২০ জন প্রতিবাদী নিহত হয়েছেন বলে অভিযোগ। পাকিস্তানি সেনার সহায়তায় ভোটে কারচুপি করারও অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে মঙ্গলবার রাওয়ালকোট থেকে মুজ়ফ্‌ফরাবাদের দিকে মিছিল করে প্রতিবাদী নাগরিক সংগঠন ‘জয়েন্ট আওয়ামি অ্যাকশন কমিটি’। কিছু মাস আগে এই কমিটিকেও নিষিদ্ধ বলে ঘোষণা করে পাকিস্তান সরকার।

            পাক-অধিকৃত কাশ্মীরে ইসলামাবাদের দমনপীড়ন নিয়ে আগেই মুখ খুলেছে নয়াদিল্লি। জানিয়েছে, অধিকৃত কাশ্মীরের সাধারণ জনতার ক্ষোভ আসলে ইসলামাবাদের অর্থনৈতিক শোষণ, মৌলিক অধিকার হরণ এবং প্রশাসনিক নিপীড়নের প্রতিফলন। কাশ্মীরের ওই অংশ যে ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ এবং সেটি পাকিস্তান অবৈধ ভাবে দখল করে রেখেছে, তাও স্মরণ করিয়ে দিয়েছে ভারত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *