শনিবার | ২৫ জুলাই ২০২৬

ইরানে আপাতত বড় কোনও হামলা নয়, বার্তা দিলেন ট্রাম্প

 ইরানে আপাতত বড় কোনও হামলা নয়, বার্তা দিলেন ট্রাম্প

ওয়াশিংটন, ২৫ জুলাই : আপাতত ইরানের বিরুদ্ধে বড় কোনও হামলা না করার কথা জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তি হিসেবে তিনি বলেছেন, সংঘর্ষবিরতির বিষয়টিকে গুরুত্ব দিয়ে আমেরিকার সঙ্গে আলোচনা চালাচ্ছে ইরান। ফলে এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

            তবে পাশাপাশি হুঁশিয়ারির সুরও শোনা গিয়েছে ট্রাম্পের গলায়। তিনি জানিয়ে দিয়েছেন, আলোচনা না-এগোলে সামরিক সংঘাতের পথ খোলা আছে। সেই সঙ্গে ইয়েমেনে ইরানের ‘বন্ধু’গোষ্ঠী হুথিদেরও সতর্ক করে দিয়েছেন ট্রাম্প। শুক্রবার (আমেরিকার সময়) হোয়াইট হাউসে সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘আমরা ওদের (ইরান) সঙ্গে কথা বলছি। আমার মনে হয়, ওরা বিষয়টাকে গুরুত্ব দিচ্ছে। সবচেয়ে বেশি গুরুত্ব এখন দিচ্ছে। তবে তার মানে এই নয় যে আমরা কোনও সমাধানে পৌঁছে গিয়েছি।’

            ইরানের যুদ্ধ থেকে বেরিয়ে আসার জন্য কী পরিকল্পনা রয়েছে ট্রাম্পের? সাংবাদিকদের  প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বেরিয়ে আসার একটা রাস্তা অবশ্যই সামরিক বলপ্রয়োগ, যেটা আমরা চালিয়ে যাচ্ছি। আগামী দিনে আক্রমণের জোর আরও বাড়িয়ে দিয়ে ওদের ধ্বংস করে দিতে পারি। আর অন্য রাস্তাটাও খোলা। সমঝোতার মাধ্যমে বুদ্ধিমানের মতো যুদ্ধ থেকে বেরিয়ে আসা।’ বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার পর্যন্ত ইরানে বিক্ষিপ্ত ভাবে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে আমেরিকা। এই নিয়ে টানা ১৩ দিন সেখানে হামলা চলছে। তার জবাবে পশ্চিম এশিয়ার অন্যান্য দেশে পাল্টা হামলা চালিয়েছে তেহরানও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *