যন্তর মন্তরের আন্দোলনকে সমর্থন জানাতে দিল্লি যাচ্ছেন মমতা
কলকাতা, ২৪ জুলাই- দিল্লির যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির এই আন্দোলনকে সমর্থন জানাতে সোমবার দিল্লিতে যাচ্ছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এই খবর প্রকাশ্যে আসে। একুশে জুলাইয়ের মঞ্চ থেকেই তৃণমূলনেত্রী জানিয়েছিলেন, প্রয়োজনে তিনি দিল্লি গিয়ে ককরোচ পার্টির সঙ্গে যোগ দেবেন। সেইমতো আগামী সোমবার তিনি দিল্লি গিয়ে ‘আরশোলা’দের প্রতি সমর্থন জানাবেন। তবে তিনিও বিক্ষোভে বসবেন কি না, তা এখনও জানা যায়নি। নিটের প্রশ্ন ফাঁস ও শিক্ষাক্ষেত্রে নানা দুর্নীতি নিয়ে দিন কুড়ি ধরে দিল্লির যন্তর মন্তরে অবস্থান বিক্ষোভে বসেছে ছাত্র-যুবদের রাজনৈতিক সংসর্গ বিহীন ‘ককরোচ জনতা পার্টি’। তার আগে অবশ্য তাদের এই রাস্তা দেখিয়েছিলেন শিক্ষাবিদ তথা সমাজকর্মী লাদাখের সোনম ওয়াংচুক। টানা ২৬ দিন অনশনের পর বৃহস্পতিবার গভীর রাতে গুরুগ্রামের হাসপাতালে গিয়ে সোনমকে স্যুপ খাইয়ে অনশন ভাঙান দুই কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিং। সরকারকে একাধিক শর্তের বিনিময়ে সোনম অনশন তুলে নিয়েছেন। শুক্রবার ‘ককরোচ’দের তরফে দুই প্রতিনিধি নাড্ডার সঙ্গে দেখা করে নিজেদের দাবিপত্র তুলে দেন। ছাত্রদের স্পষ্ট দাবি, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতেই হবে। এই পরিস্থিতির মধ্যেই এবার দিল্লি যাবেন তৃণমূলনেত্রী। সেখানে গিয়ে মমতা আন্দোলনকে কীভাবে সমর্থন জানাবেন সেটাও বড় প্রশ্ন।