শনিবার | ১১ জুলাই ২০২৬

ইরানের দিকে তাক করা এক হাজার ক্ষেপণাস্ত্র, ফের হুঁশিয়ারি ট্রাম্পের

 ইরানের দিকে তাক করা এক হাজার ক্ষেপণাস্ত্র, ফের হুঁশিয়ারি ট্রাম্পের

ওয়াশিংটন, ১১ জুলাই : ইরান তাকে হত্যার চক্রান্ত করছে বলে আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন ট্রাম্প। এবার ফের সেই একই কথা বললেন তিনি। পাশাপাশি হুঁশিয়ারির সুরে তিনি জানিয়েছেন, ইরানের দিকে এক হাজার ক্ষেপণাস্ত্র তাক করা রয়েছে, মার্কিন প্রেসিডেন্টকে কোনোভাবে হত্যার চেষ্টা করা হলেও শুরু হয়ে যাবে গোলাবর্ষণ, সেনাবাহিনীকে তেমনই নির্দেশ দেওয়া হয়েছে বলেই জানিয়েছেন ট্রাম্প।

            ইরানকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য আমেরিকার সামরিক বাহিনী আপাতত এক বছরের সময়সীমা ধরে এগোচ্ছে। ট্রাম্পের দাবি, প্রয়োজনে তা আরও বাড়ানো হবে। শনিবার সকালে (ভারতীয় সময়) সমাজমাধ্যমে ইরানের উদ্দেশ্যে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। দাবি করেছেন, ইরান বিশ্বের নানা প্রান্তে মার্কিন প্রেসিডেন্টকে হত্যার হুঁশিয়ারি দিয়ে চলেছে। তা যদি কার্যকর করার চেষ্টাও হয়, তবে পরিণতি ভাল হবে না। সমাজমাধ্যমে তিনি লিখেছেন, ‘এক হাজার ক্ষেপণাস্ত্র ইরানের দিকে তাক করে রাখা হয়েছে। আমেরিকার প্রেসিডেন্টকে (এ ক্ষেত্রে আমি) হত্যা বা হত্যার চেষ্টার যে হুমকি বিশ্বের নানা প্রান্তে তারা দিয়ে আসছে, তা যদি কার্যকর করা হয়, আরও হাজার হাজার ক্ষেপণাস্ত্র তাদের মাটিতে আছড়ে পড়বে। নির্দেশ ইতিমধ্যে দেওয়া হয়ে গিয়েছে। ইরানের সমস্ত এলাকা সম্পূর্ণ ভাবে ধ্বংস এবং নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য মার্কিন বাহিনী প্রস্তুত। প্রাথমিক ভাবে এই কার্যক্রমের মেয়াদ এক বছর নির্ধারণ করা হয়েছে। পরবর্তী সময়ে তা আরও বাড়ানো হতে পারে।’

            ইরান বহুদিন ধরেই তাকে হত্যার পরিকল্পনা করছেন বলে সম্প্রতি মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক পোস্টকে দেওয়া একটি সাক্ষাৎকারে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট। ইজ়রায়েলের একটি গোয়েন্দা রিপোর্টে দাবি করা হয়, ইরান ট্রাম্পকে খুনের ছক কষেছে। সেই রিপোর্টের ভিত্তিতে তুরস্ক সফর থেকে ফেরার সময় বিমান বদল করেন ট্রাম্প। হোয়াইট হাউসও পরে প্রেসিডেন্টের নিরাপত্তার স্বার্থে বিমান পরিবর্তনের বিষয়টি স্বীকার করে নিয়েছে। এবার সরাসরি ইরানকে হুঁশিয়ারি দিলেন ডোনাল্ড ট্রাম্প।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *