এক লাফে ২০ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা বাজেটে
বাজেট পেশের আগে পুজো দিলেন মুখ্যমন্ত্রী ও অর্থমন্ত্রী
কলকাতা অফিস, ২২ জুন- বিজেপি সরকারের প্রথম বাজেটে ডিএ বা মহার্ঘ্যভাতা নিয়ে সবচেয়ে বড় ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। একধাক্কায় ২০ শতাংশ ডিএ বৃদ্ধি করে নতুন নজির তৈরি করেছে বাংলা। বর্তমানে ১৮ শতাংশ হারে মহার্ঘ্যভাতা পান সরকারি কর্মীরা, এবার তা বেড়ে হল ৩৮ শতাংশ। পয়লা অক্টোবর থেকে বর্ধিত হারে এই ডিএ কার্যকর হবে বলে জানানো হয়েছে। একলাফে ২০ শতাংশ ডিএ বাড়ানো হলেও তা কেন্দ্রীয় সরকারের সমান সমান হয়নি। কেন্দ্রের কর্মীরা ৬০ শতাংশ হারে ডিএ পান। আগে কেন্দ্রের ডিএ-র পরিমাণ ছিল ৫৮ শতাংশ। তা সম্প্রতি দুই শতাংশ বাড়ানো হয়েছে। চলতি বছরের জানুয়ারি মাস থেকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ৬০ শতাংশ হারে ডিএ দেওয়া হচ্ছে। সেই হিসাবে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের ডিএ-র সঙ্গে কেন্দ্রের ফারাক এখনও ২২ শতাংশ। আবার জুলাই মাসে আরও এক দফা ডিএ বাড়াতে পারে কেন্দ্র, সেক্ষেত্রে ডিএ-র ফারাক আরও কিছুটা বা়ড়বে।
ডিএ বাড়ানোর এই প্রস্তাবকে স্বাগত জানিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ‘পুজোর মাসের মধ্যেই বাড়তি ২০ শতাংশ ডিএ আমরা দিয়ে দেব। বাকিটাও হয়ে যাবে ধীরে ধীরে। আর একটা বাজেট পর্যন্ত অপেক্ষা করুন। ডিসেম্বরের মধ্যে পে কমিশন কার্যকর করে দেব।’ পূর্বতন তৃণমূল সরকারের আমলে ডিএ বৃদ্ধি নিয়ে বিস্তর জলঘোলা হয়েছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, ডিএ দেওয়া বাধ্যতামূলক নয়। রাজ্য সরকারের আর্থিক অবস্থার কথা জানিয়ে কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার দাবি বার বার এড়িয়ে গিয়েছিলেন তিনি। রাজ্য সরকারের কর্মচারীদের বড় অংশ এ নিয়ে আন্দোলনেও নামে। জল গড়ায় আদালত পর্যন্ত। এবার ক্ষমতায় এসেই সেই ডিএ বাড়ানোর কথা ঘোষণা করল শুভেন্দুর সরকার।