মঙ্গলবার | ০৯ জুন ২০২৬

হরমুজ প্রণালীর কাছে ভেঙে পড়ল মার্কিন সেনার হেলিকপ্টার

 হরমুজ প্রণালীর কাছে ভেঙে পড়ল মার্কিন সেনার হেলিকপ্টার

তেহরান, ৯ জুন : হরমুজ প্রণালীর কাছে মার্কিন সেনার হেলিকপ্টার ভেঙে পড়াকে কেন্দ্র করে এবার চাঞ্চল্য তৈরি হল। হরমুজ প্রণালীকে ঘিরে বিগত তিন মাসেরও বেশি সময় ধরে সামরিক উত্তেজনা তৈরি হয়েছে। এই অস্থির পরিস্থিতির মধ্যে খবর ছড়ায়, মার্কিন সেনার একটি অ্যাপাচে হেলিকপ্টার ভেঙে পড়েছে হরমুজ়ের কাছে। ‘নিউ ইয়র্ক টাইম্‌স’ জানাচ্ছে, হেলিকপ্টারটিতে দু’জন সেনাকর্মী ছিলেন। তাদের নিরাপদে উদ্ধার করা গিয়েছে। ঠিক কী কারণে এই হেলিকপ্টারটি ভেঙে পড়েছে তা এখনও স্পষ্ট নয়।

            মার্কিন সেনার এই হেলিকপ্টারটিকে ইরানের বাহিনী গুলি করে নামিয়েছে নাকি কোনও যান্ত্রিক কোনও কারণে সেটি ভেঙে পড়েছে তা প্রাথমিক ভাবে জানা যায়নি। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন মার্কিন সংবাদমাধ্যম। ইরান ও আমেরিকা উভয় পক্ষই সম্প্রতি একে অন্যের বিরুদ্ধে সংঘর্ষবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে। এমন একটি সময়ে হরমুজ়ের কাছে মার্কিন সেনার হেলিকপ্টার ভেঙে পড়ায় ঘটনার গুরুত্ব আরও বৃদ্ধি পেয়েছে। হেলিকপ্টার ভেঙে পড়ার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘পাইলটেরা সুস্থ আছেন। কেউ জখম হননি। আমরা আগামিকাল এ বিষয়ে রিপোর্ট প্রকাশ করব।’

            হরমুজ প্রণালীকে কেন্দ্র করে উত্তেজনা তৈরির সময় থেকেই তেহরানকে ঠেকাতে অ্যাপাচে হেলিকপ্টার, এমকিউ-৯ রিপার ড্রোন, এফএ-১৮ এবং এফ-৩৫ যুদ্ধবিমান ব্যবহার করে আসছে মার্কিন বাহিনী। গত ২৮ ফেব্রুয়ারি সংঘর্ষ শুরুর পর থেকে ইরান প্রায় ৩০টি রিপার ড্রোন গুলি করে নামিয়েছে। কয়েকটি যুদ্ধবিমানও ধ্বংস হয়েছে। তবে তিন মাসের বেশি সময় ধরে চলা সংঘর্ষ পর্বে এই প্রথম আমেরিকার কোনও অ্যাপাচে হেলিকপ্টার ধ্বংসের ঘটনা ঘটল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *