রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা সুখেন্দুশেখর রায়ের
কলকাতা, ৮ জুন- তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন সুখেন্দুশেখর রায়। দলের সদস্যপদ থেকেও ইস্তফা দিয়েছেন তিনি। বঙ্গে তৃণমূলের ভরাডুবির পর থেকেই কিছুটা বেসুরো ছিলেন সুখেন্দুশেখর। সোমবার সকালে দিল্লি থেকে দল ছাড়ার কথা ঘোষণা করেন তিনি। আরজি কর কান্ডের পরেই দল ছাড়ার বিষয়ে মানসিকভাবে সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন এই সাংসদ। অবশেষে সোমবার দিল্লি থেকে দল ছাড়ার কথা ঘোষণা করলেন। আগামীদিনে তিনি রাজনীতি থেকেও অবসর নিতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন। সুখেন্দুশেখরের দাবি, দলের অন্দরে দুর্নীতি এবং দল নিয়ে মানুষের ক্ষোভ মাত্রা ছাড়িয়ে গিয়েছিল। তাই পতন ছিল অনিবার্য। তবে তৃণমূলের সকলে অসৎ, এ কথা তিনি মানতে চাননি। দাবি, সৎ নেতারা দলের অন্দরে কোণঠাসা হয়ে পড়েছিলেন। তিনি বলেন, ‘আরজি কর নিয়ে তো আমি প্রকাশ্যে মুখ খুলেছিলাম। তাই অনেক দিন ধরে দলের ভিতরে কোণঠাসা ছিলাম। আমার অপরাধ, আমি পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে অভ্যন্তরীণ তদন্তের দাবি করেছিলাম। কারণ, আমি এখনও মনে করি ঘটনার প্রমাণ লোপাটে তাদের ভূমিকা ছিল সবচেয়ে বেশি। ওই ঘটনার পর দোষীদের রক্ষা করার চেষ্টা চলছিল। তখনই আমি সিদ্ধান্ত নিই, এই দলে বেশি দিন থাকব না। সঠিক সময়ের অপেক্ষা করছিলাম।’
অন্য দিকে, তৃণমূলের রাজ্যসভার সাংসদ কোয়েল মল্লিককে নিয়েও জল্পনা শুরু হয়েছে। তিনিও দল ছাড়তে পারেন বলে মনে করা হচ্ছে। যদিও কোয়েল আনুষ্ঠানিক ভাবে কোনও ঘোষণা করেননি।